চাকরি ক্ষেত্রে বৈষম্য, দাবি আদায়ে হাইকোর্টে রিট করলেন মাৎস্যবিজ্ঞান অনুষদের শিক্ষার্থীরা

রোহান ইসলাম, নিজস্ব প্রতিবেদকঃ

মাৎস্যবিজ্ঞান অনুষদ থেকে পাশ করা শিক্ষার্থীরা সহকারী মৎস্য কর্মকর্তাসহ ৮ টি পদে আবেদনের সুযোগ পেতে হাইকোর্টে রিট করেছেন। বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) রিটটি দায়ের করা হয়। সবকিছু ঠিক থাকলে আগামী রবি বা সোমবার শুনানি হতে পারে।

জানা গেছে, সম্প্রতি বাংলাদেশ কর্ম কমিশন কর্তৃক প্রকাশিত মৎস্য অধিদপ্তরাধীন দশম গ্রেডের ফিশারিজ সংশ্লিষ্ট বিভিন্ন পদে প্রাণিবিদ্যা ও মৎস্য ডিপ্লোমাধারীদের আবেদনের সুযোগ দেওয়া হলেও মাৎস্যবিজ্ঞানে স্নাতক ডিগ্রিধারীদের আবেদনের কোন সুযোগ রাখা হয় নি।

গত ২৩ ডিসেম্বর প্রকাশিত এই নিয়োগ বিজ্ঞপ্তিতে তত্ত্বাবধায়ক পরিদর্শক, সহকারী হ্যাচারি কর্মকর্তা, সহকারী সম্প্রসারণ কর্মকর্তা, সহকারী মৎস্য কর্মকর্তা, মৎস্য জরিপ কর্মকর্তা পদসমূহে মোট ২০১ টি শূন্য পদের নিয়োগে প্রাণিবিদ্যা ও মৎস্য ডিপ্লোমাধারীদের আবেদনের সুযোগ দেওয়া হয়।

মৎস্য বিষয়ক পদ হলেও মাৎস্যবিজ্ঞানে স্নাতক ডিগ্রিধারীদের এইসব পদে আবেদনের সুযোগ না থাকায় তীব্র ক্ষোভ বিরাজ করছে প্রায় ১৯ টি বিশ্ববিদ্যালয় থেকে পাস করা মৎস্য গ্রাজুয়েটদের মাঝে।

তাই মৎস্য ও প্রানিসম্পদ মন্ত্রণালয়ধীন মৎস্য অধিদপ্তরের নন-ক্যাডার নিয়োগ বিধিমালা-২০২০ সংশোধন ও বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (বিপিএসসি) চলমান নিয়োগ বিজ্ঞপ্তিতে নিজেদের অন্তর্ভুক্তির দাবি জানিয়ে গত ৯ জানুয়ারি সারাদেশে মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচি পালন করেন তারা।

এরই ধারাবাহিকতায় উক্ত পদসমূহে আবেদনের সুযোগ পেতে হাইকোর্টে রিট করলেন মাৎস্যবিজ্ঞান অনুষদ থেকে পাশ করা শিক্ষার্থীরা।

  •  
  •  
  •  
  •  

Tags: