ঢাবিতে গেস্টরুম কালচার বন্ধের দাবি শিক্ষার্থীদের

নিউজ‌ ডেস্ক:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে বিজয় একাত্তর হলে নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন করেছে তার সহপাঠীরা। বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এ কর্মসূচি পালন করেন তারা।

ভুক্তভোগী আকতার হোসেন বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী।

মানববন্ধন থেকে আকতারকে নির্যাতনের সঙ্গে জড়িতদের বিচার, ছাত্রত্ব বাতিল এবং বিশ্ববিদ্যালয় থেকে আজীবনের জন্য গেস্টরুম কালচার বন্ধের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা।

উল্লেখ্য, গতকাল বুধবার রাত ১১টার দিকে বিজয় একাত্তর হলের গেস্টরুমে এক শিক্ষার্থীকে নির্যাতন করা হয়। নির্যাতনের একপর্যায়ে সে অসুস্থ হয়ে পড়লে তাকে পাঠানো হয় গণরুমে। সেখানে জ্ঞান হারান তিনি। পরে ঢামেকে নিয়ে তাকে ইসিজি করানো হয়। এ ঘটনায় অভিযুক্ত প্রত্যেকে ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী এবং হল শাখা ছাত্রলীগের পদপ্রত্যাশী আবু ইউনুস ও রবিউল ইসলাম রানার অনুসারী। দুজনই ঢাবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনের অনুসারী।

আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী রিসাত রশিদ বলেন, “ভর্তি হওয়ার আগে আমরা ভার্সিটি নিয়ে যা শুনেছি এখান দেখি ঠিক তার উল্টো। কতিপয় গোষ্ঠী আমাদের শকুনের মতো খাবে, তা আমরা বুঝিনি। আমরা নিম্নবিত্ত, আমাদের অনেক টাকা নেই যে বাইরে মেসে থাকব। এর সুযোগ নিয়ে আমাদের নির্যাতন করা হবে, লাঞ্ছিত করা হবে, এটা অন্যায়। আমরা গেস্টরুমের নামে এই নির্যাতনের সমাপ্তি চাই। বাবা মা অনেক কষ্ট করে আমাদের পড়ালেখা করিয়ে মানুষ করেছেন। তাহলে আমরা কেন অন্যের দ্বারা নির্যাতিত হব। এগুলোর জন্য কি আমরা বিশ্ববিদ্যালয়ে এসেছি।”

মানববন্ধনে এক ছাত্র বলেন, “আমাদের উপর নির্যাতন করা হচ্ছে। কেন? ঢাকায় আমাদের থাকার জায়গা নেই। আমাদের বাবার কাড়ি কাড়ি টাকা নেই যে উন্নত মেসে বা ফ্লাটে থাকব। আমরা বাধ্য হয়ে হলে থাকি। বিনিময়ে কী পাই? টর্চার। নির্যাতন কেন?”

এক ছাত্রী বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে গেস্টরুম টর্চার পুরোপুরি বন্ধ হোক। আমাদের আকতারুলের উপর যারা নির্যাতন করেছে তাদের ছাত্রত্ব ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাতিল করা হোক। আমাদের তো আচার ব্যবহার না শিখে ঢাকা ভার্সিটিতে আসিনি। আমাদেরকে ম্যানার্স শিখানোর নামে গেস্টরুমে নিয়ে টর্চার করা হচ্ছে। এটা নির্যাতন। মানসিক টর্চার। আমরা এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে চাই। প্রশাসনের প্রতি আমাদের আকুল আবেদন, এই গেস্টরুম প্রথা আইন করে বন্ধ করা হোক।”

এ ঘটনায় ইতোমধ্যেই তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে হল প্রশাসন।

  •  
  •  
  •  
  •