রাবির আবাসিক হল থেকে পুলিশ প্রত্যাহার

রাবি প্রতিনিধি:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ছাত্রদের ১১টি আবাসিক হল থেকে পুলিশদের সাময়িকভাবে প্রত্যাহার করে নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শুক্রবার (০৪ ফেব্রুয়ারি) সকালের দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

অধ্যাপক আসাবুল হক বলেন, ‘ক্যাম্পাসে চুরি, ছিনতাই ও বহিরাগতদের প্রবেশ বন্ধ করতে পুলিশ প্রশাসন এ উদ্যোগ নিয়েছে। আবাসিক হলগুলোতে পুলিশের তেমন প্রয়োজন নেই বলেছেন তারা। হলগুলোতে পুলিশের প্রয়োজন হলে পরে ব্যবস্থা নেওয়া হবে৷’

প্রক্টর আরও বলেন, ‘শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে ক্যাম্পাসের কিছু গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ পাহারা দেওয়া হচ্ছে। বহিরাগতদের প্রবেশের সুযোগ রয়েছে এমন স্থানে অস্থায়ী পুলিশ বক্স করা হয়েছে। হলের পুলিশরা এখন থেকে সেখানে দায়িত্ব পালন করবেন। যাতে ক্যাম্পাসে ছিনতাইয়ের ঘটনা না ঘটে। বহিরাগতরা প্রবেশ করতে না পারে৷ বহিরাগতদের বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে।’

উল্লেখ্য, সম্প্রতি ক্যাম্পাসে বেশ কয়েকটি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এছাড়া বহিরাগতদের উৎপাতে ক্যাম্পাসে মাদকের সরবরাহ বেড়েছে। মাদক গ্রহণকালে কয়েকজন বহিরাগতকেও আটক করেছে প্রক্টরিয়াল বডি ও পুলিশ। ফলে ক্যাম্পাসের নিরাপত্তার জন্য আবাসিক হলগুলোর পুলিশ সাময়িকভাবে প্রত্যাহার করে চারুকলা গেট, স্টেশন বাজার গেট ও বধ্যভূমি গেটসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে নিয়ে যাওয়া।

  •  
  •  
  •  
  •