উন্নতি নেই রাজশাহী-ময়মনসিংহ করোনা পরিস্থিতির
নিউজ ডেস্ক: রাজশাহী এবং ময়মনসিংহ বিভাগে করোনা পরিস্থিতির ক্রমশ অবনতি হচ্ছে। রাজশাহী মেডিকেল (রামেক) কলেজ হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে আরও দুজন মারা গেছেন। শুক্রবার (০৪ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে শনিবার সকাল ৯টার মধ্যে দুজনের মৃত্যু হয়েছে।
রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেছেন। মৃত ব্যক্তিদের দুজনই পুরুষ। এদের একজন ষাটোর্ধ্ব এবং অন্যজনের বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে। এদিকে ১৪৬ শয্যার রামেক করোনা ইউনিটে শনিবার (০৫ ফেব্রুয়ারি) সকাল ৯টা পর্যন্ত ভর্তি ছিলেন ৬৮ জন রোগী। একদিন আগেও এই সংখ্যা ছিল ৬২ জন। করোনা নিয়ে ভর্তি রয়েছেন ৩৯ জন। করোনার উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১০ জন।
বর্তমানে রাজশাহীর ৪৮ জন, চাঁপাইনবাবগঞ্জের ৬ জন, নওগাঁর ২ জন, নাটোরের ৩ জন, পাবনার ৫ জন, কুষ্টিয়ার একজন, ঝিনাইদহের একজন, বগুড়ার একজন এবং মানিকগঞ্জের একজন হাসপাতালে ভর্তি রয়েছেন। রাজশাহীতে করোনা শনাক্তের হার ২০ দশমিক ৬৯ শতাংশ। ময়মনসিংহে প্রায় ২ সপ্তাহ ধরে করোনার নতুন ধরন ওমিক্রন ছড়িয়ে পড়ছে দ্রুত গতিতে। প্রতিদিনই শতাধিক রোগী আক্রান্ত হয়ে মারা যাচ্ছেন গড়ে ৪ থেকে ৫ জন করে। গত ২৪ ঘণ্টায় করোনা উপসর্গ নিয়ে ও আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিকেল হাসপাতালের করোনা ইউনিটে ৩ জন মারা গেছেন।
করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মো. মহিউদ্দিন খান সময় সংবাদকে জানান, করোনার ছোবলে গত ১১ দিনে ৪২ জন মারা গেছেন। এ ছাড়া আজ করোনা ইউনিটে ৮৯ জন ভর্তি রোগীর মধ্যে আশঙ্কাজনক অবস্থায় ৭ জনকে আইসিইউতে নেওয়া হয়েছে।

