বাকৃবিতে ১০০ জনের বেশি জনসমাবেশে নিষেধাজ্ঞা; টিকা সনদ থাকা বাধ্যতামূলক
নিজস্ব প্রতিবেদক:
করোনা সংক্রমণের উর্ধ্বমুখী পরিস্থিতি বিবেচনা করে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে গত ২৩ জানুয়ারিতে প্রকাশিত এক বিজ্ঞপ্তির ধারাবাহিকতায় ২১ ফেব্রুয়ারি পর্যন্ত আরোপিত বিধিনিষেধের মেয়াদ বাড়ানো হয়েছে।
আজ রবিবার উপাচার্যের আদেশক্রমে বিশ্ববিদ্যালয়ের রেজিষ্টার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ আদেশ দেয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, “জরুরী কাজের প্রয়োজনে সকল অফিস/বিভাগ/শাখা প্রধানগন প্রয়োজন অনুযায়ী তাঁদের অধীনস্থ কর্মকর্তা/কর্মচারীদের দ্বারা প্রশাসনিক কার্যাবলী পরিচালনা করবেন।”
কর্মরত সকলকে টিকা সনদ গ্রহণ করতে হবে বলে উল্লেখ করে বলা হয়, ” উন্মুক্ত স্থানে ও ভবনের অভ্যন্তরে সামাজিক/রাজনৈতিক/ধর্মীয়/রাষ্ট্রীয় অনুষ্ঠানে ১০০ জন-এর বেশি জনসমাবেশ করা যাবেনা। এসব ক্ষেত্রে যারা যোগদান করবেন তাদের অবশ্যই টিকা সনদ/ ২৪ ঘন্টার মধ্যে পিসিআর সার্টিফিকেট আনতে হবে।”
পাশাপাশি ছাত্র-ছাত্রীদের করোনা টিকা গ্রহণের বিষয়ে হালনাগাদ তথ্য সংগ্রহ/সংরক্ষণ, বাকৃবি ক্যাম্পসে বহিরাগতের প্রবেশ নিরুৎসাহিত করণসহ জনসমাগম নিয়ন্ত্রণ, কে. আর. মার্কেটসহ বিশ্ববিদ্যালয়ে অবস্থিত বিভিন্ন স্থানের দোকানসমূহে ক্রেতা-বিক্রেতাগণের স্বাস্থ্যবিধি ও মাস্ক ব্যবহার নিশ্চিতকরণে বাজার কমিটিকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে নির্দেশ দেয়া হয়েছে।
তাছাড়া, বিশ্ববিদ্যালয়ে অবস্থিত খাবারের দোকান/রেস্তোরা ব্যতিত অন্যান্য দোকান রাত ০৮.০০ টার পর বন্ধ করতে বলা হয়েছে।

