খোলাতে ৭ টাকা, বোতলজাতে বেড়েছে ৮ টাকা সয়াবিন
নিউজ ডেস্ক:
আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়ায় দেশের বাজারে ভোজ্য তেলের দাম বাড়ছে। খোলা সয়াবিন তেলের দাম লিটারে ৭ টাকা এবং বোতলজাত প্রতি লিটারে ৮ টাকা বাড়ানো হচ্ছে। এ ছাড়া পাঁচ লিটারে ৩৫ টাকা ও পাম তেলে ১৫ টাকা বাড়ছে। আজ সোমবার থেকে এই বাড়তি দাম কার্যকর হবে।
গতকাল রবিবার বিকেলে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে বৈঠক শেষে বাণিজ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব তপন কান্তি ঘোষ দাম বাড়ার বিষয়টি নিশ্চিত করেন।
সর্বশেষ ২০২১ সালের ১৯ অক্টোবর সয়াবিন তেলের দাম বাড়ানো হয়। তখন সরকার নির্ধারিত মূল্য অনুযায়ী, প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল ১৬০ টাকা ও খোলা সয়াবিন তেলের দাম ১৩৬ টাকা নির্ধারিত ছিল। আর বোতলজাত সয়াবিনের পাঁচ লিটার তেলের দাম ৭৬০ টাকা ও পাম তেলের প্রতি লিটারের দাম ছিল ১১৮ টাকা।
গতকাল নতুন করে নির্ধারিত দাম অনুযায়ী, প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল আট টাকা বেড়ে ১৬৮ টাকা ও খোলা সয়াবিন তেলের দাম সাত টাকা বেড়ে ১৪৩ টাকা হয়েছে। বোতলজাত সয়াবিনের পাঁচ লিটার তেলের দাম ৩৫ টাকা বেড়ে ৭৯৫ ও পাম তেলের দাম ১৫ টাকা বাড়িয়ে লিটারপ্রতি ১৩৩ টাকা নির্ধারণ করা হয়েছে।
বাণিজ্যসচিব বলেন, ‘গত ১৯ জানুয়ারি তেল ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে আন্তর্জাতিক বাজারের দামের সঙ্গে সমন্বয় করার বিষয়ে কথা হয়েছিল। তাঁদেরও কথা ছিল, দাম সমন্বয় না করলে তাঁরা এলসি খুলতে পারবেন না। জানুয়ারির যে ফিগার, সেটিসহ ক্যালকুলেট করে আমরা নতুন দাম নির্ধারণ করেছি। ’
তেলের মূল্যবৃদ্ধির বিষয়টি নিশ্চিত করে টিকে গ্রুপের পরিচালক (অর্থ ও পরিচালন) মো. শফিউল আক্তার তসলিম বলেন, মন্ত্রীর সঙ্গে বসার পর বোতলজাত সয়াবিন তেল এত দিন ১৬৫ টাকায় বিক্রি করা হচ্ছিল। সেই হিসাবে নতুন করে দাম বেড়েছে তিন টাকা। তবে সেটি ছিল অনানুষ্ঠানিক, তবে আনুষ্ঠানিকভাবে দাম বেড়েছে আট টাকা, পাঁচ লিটারে ৩৫ টাকা। কাল (আজ সোমবার) সকালে দাম বাড়ানোর সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে জানাব। কাল থেকেই এটি কার্যকর হবে। তবে বাজারে এর প্রভাব পড়বে দুই-তিন দিন পর। শুক্র বা শনিবারের আগে বাজারে প্রভাব পড়বে না।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) এ এইচ এম সফিকুজ্জামান বলেন, ‘নতুন যে দাম নির্ধারিত হয়েছে, ব্যবসায়ীরা সেটি তাঁদের প্যাডে ঘোষণা দিয়েছেন। ফলে আমরা এই দামটা রাখতে পারব। আমরা নিয়মিত বাজার তদারক করব। ’
এর আগে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়ার কথা উল্লেখ করে নতুন দাম কার্যকরের দাবি জানিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠায় বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। পরে মন্ত্রীর সঙ্গে বৈঠকের পর ৬ ফেব্রুয়ারি পর্যন্ত দাম না বাড়ানোর সিদ্ধান্ত হয়।

