কৃষিবিদ দিবসে বাকৃবি অফিসার পরিষদের সাথে ছাত্রলীগের একাংশের সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক:

“কৃষিবিদ দিবস” এর অনুষ্ঠান পালনকে কেন্দ্র করে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে দুপক্ষের ধাওয়া-পাল্টাধাওয়া ঘটেছে। আজ বেলা ১২.৩০ টার দিকে বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার ভবনের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের একজন অফিসার আহত হন।

জানা গেছে, সকাল ১০ টায় উপাচার্য অধ্যাপক ড. লুৎফুল হাসান বঙ্গবন্ধুর স্মৃতি চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর শিক্ষক, ছাত্র-ছাত্রী, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। বেলা ১২ টায় ফুল দেয়ার পরবর্তী কার্যক্রম হিসেবে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক, অফিসার, সাবেক ও বর্তমান শিক্ষার্থীসহ বাকৃবি ছাত্রলীগের এক গ্রুপের নেতাকর্মীরা র‌্যালি বের করতে চায়।

করোনা পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় র‌্যালিসহ সকল জনসমাবেশ নিষিদ্ধ করা হয়েছে বলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে অফিসার পরিষদ তাতে বাধা দিলে, ছাত্রলীগের নেতাকর্মীরা অফিসারবৃন্দের সাথে বাকবিন্ডায় জড়িয়ে পরেন। বাকবিন্ডার এক পর্যায়ে অফিসার পরিষদের নেতাকর্মীদের সাথে ছাত্রলীগের নেতাকর্মীদের হাতাহাতির ঘটনা ঘটে, এতে অফিসার পরিষদের দপ্তর ও প্রচার সম্পাদক কৃষিবিদ মাহমুদুল কবির খানসহ দশজন আহত হন। এসময় দুই গ্রুপের ধাওয়া-পাল্টাধাওয়া হয়। পরবর্তীতে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের অফিসার পরিষদের সভাপতি মোঃ খাইরুল আলম নান্নু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “আমাদের সেকশন অফিসার কবীর আহত হয়েছে।” তদন্তের মাধ্যমে দোষীদের চিহ্নিত করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রোক্টর ড. মুহাম্মদ মহির উদ্দীন এর সাথে যোগাযোগ করা হলে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

  •  
  •  
  •  
  •