কোস্ট গার্ডকে সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর

নিউজ ডেস্ক:

সুনাম ও মর্যাদা সমুন্নত রাখতে কোস্টগার্ডের সদস্যদের সব সময় দেশপ্রেম ও সততার সঙ্গে দায়িত্ব পালন করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) ‘বাংলাদেশ কোস্ট গার্ডের ২৭তম জয়ন্তী ও কোস্ট গার্ড দিবস-২০২২’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

ঢাকার শেরেবাংলা নগরে কোস্ট গার্ড সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

কোস্টগার্ড সদস্যদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, আপনারা সবসময় দেশপ্রেম, সততা ও ঈমানের সঙ্গে দায়িত্ব পালন করে কোস্টগার্ডের সুনাম ও মর্যাদা সমুন্নত রাখবেন। দেশের সমুদ্র ও উপকূলীয় এলাকার নিরাপত্তা নিশ্চিতকরণে দায়িত্ব সঠিকভাবে পালন করবেন বলে আশাকরি।

শেখ হাসিনা বলেন, গভীর সমুদ্র নির্ভর অর্থনৈতিক কার্যক্রমকে গতিশীল ও নিরাপদ রাখা ব্লু-ইকোনমি’র সঙ্গে সংশ্লিষ্ট প্রকল্পসমূহ ও ব্যক্তিবর্গের জানমালের নিরাপত্তা বিধানে বাংলাদেশ কো গার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি।

কোস্টগার্ড সদস্যদের প্রশংসা করে তিনি বলেন, বিস্তীর্ণ উপকূলীয় এলাকা এবং সামুদ্রিক জলসীমার সার্বিক আইন শৃঙ্খলা বজায় রাখা, মৎস্যসম্পদ রক্ষা, দেশের সমুদ্র বন্দরের নিরাপত্তা বিধান, চোরাচালান ও মাদকবিরোধী অভিযান, ডাকাত দমনসহ প্রাকৃতিক দুর্যোগে উপকূলীয় জনগণের জানমাল রক্ষায় কোস্টগার্ডের ভূমিকা উত্তরোত্তর বাড়ছে। জাটকা নিধন রোধে এবং মা ইলিশ রক্ষায় কোস্টগার্ডের ভূমিকা প্রশংসনীয়।

বাংলাদেশের ভৌগলিক অবস্থানগত সুবিধা এবং এ অঞ্চলের নিরাপত্তার প্রয়োজনীয়তার কথা তুলে ধরে সরকার প্রধান বলেন, আমরা চাই সমুদ্রে আমাদের যে সম্পদ আছে সেই সম্পদ আমাদের আর্থ সামাজিক উন্নয়নে কাজে লাগুক সেটা আমাদের বেশি গুরুত্বপূর্ণ।

কোস্টগার্ডের উন্নয়নে সরকার প্রয়োজনীয় সব করবে জানিয়ে তিনি বলেন, এই বাহিনীর ধারাবাহিক অগ্রযাত্রা অব্যাহত রাখতে এবং আপনাদের সার্বিক কল্যাণে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা অবশ্যই আমাদের সরকার করে যাবে।

তিনি আরও বলেন, ভবিষ্যতে নতুন নতুন দায়িত্ব পালনে সক্ষম করে তুলতে আমরা কোস্টগার্ডকে একটি আধুনিক ও যুগোপযোগী বাহিনী হিসেবে গড়ে তুলতে কাজ করছি।

অনুষ্ঠানে কোস্টগার্ডের কার্যমক্রম ও এ বাহিনীর উন্নয়ন তুলে ধরে একটি ভিডিও চিত্র প্রদর্শন করা হয়।

  •  
  •  
  •  
  •