ঢাবিতে ঘ ইউনিট বন্ধের প্রতিবাদে শিক্ষকদের কঠোর আন্দোলনের হুঁশিয়ারি
নিউজ ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভাগ পরিবর্তনের জন্য নির্ধারিত ঘ ইউনিট আর থাকছে না। প্রশাসনের এ সিদ্ধান্তকে অযৌক্তিক বলছেন শিক্ষার্থীরা। আর ঘ ইউনিট বাতিলের প্রতিবাদে প্রয়োজনে আন্দোলনে নামার ঘোষণা দিয়েছেন এ অনুষদের শিক্ষকরা।
ইউনিট না থাকলেও বিভাগ পরিবর্তনের সুযোগ থাকবে বলছে প্রশাসন।
শুধু নাজিম নন তার হাজার হাজার শিক্ষার্থী নিজস্ব ইউনিটে উত্তীর্ণ হতে না পারলেও ঘ ইউনিটের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পান। তাই এ ইউনিটে ভর্তি পরীক্ষার্থীর সংখ্যা অন্য ইউনিটের তুলনায় কয়েকগুণ। কিন্তু হঠাৎ করে ঘ ইউনিটের ভর্তি পরীক্ষা বন্ধের ঘোষণায় হতাশ তারা।
শিক্ষকরা বলছেন, সামাজিকবিজ্ঞান অনুষদের সব বিভাগের একাডেমিক কমিটির মতামতকে উপেক্ষা করে রাজনৈতিকভাবে এ সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আ ক ম জামাল উদ্দিন বলেন, কে কাকে নিয়ন্ত্রণ করবে, কে কাকে পেছনে ফেলে এগিয়ে যাবে সেই প্রতিযোগিতার ফলেই কিন্তু এই ধরনের অযৌক্তিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সব বিভাগের সুপারিশ পাশ কাটিয়ে এই ধরনের অযৌক্তিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সিদ্ধান্তকে বিশ্ববিদ্যালয় অধ্যাদেশের পরিপন্থি দাবি করে মুভমেন্ট ফর ডি ইউনিট নামে আন্দোলনের শুরু করেছেন শিক্ষক-শিক্ষার্থীরা। প্রয়োজনে কঠোর আন্দোলনে যাওয়ার ঘোষণা দেন অধ্যাপক ড. আ ক ম জামাল উদ্দিন।
তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আখতারুজ্জামান বলেন, সময়, শ্রম, অর্থ সাশ্রয় ঘটানো সেটি হলো ব্যবস্থাপনার মাধ্যমে কীভাবে করতে পারি, সেই ভাবনাগুলো আমাদের আছে। সেই নিরিখে কিছু কিছু সিদ্ধান্ত গৃহীত নেওয়া হয়েছিল, কিছু কিছু সিদ্ধান্ত এখনো অপেক্ষায় আছে।

