সংক্ষিপ্ত সিলেবাসে হবে সব বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা: শিক্ষামন্ত্রী

নিউজ ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়সহ গুচ্ছ বিশ্ববিদ্যালয়গুলোতে সংক্ষিপ্ত সিলেবাসে ভর্তি পরীক্ষা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি। সংক্ষিপ্ত সিলেবাসে এইচএসসি পরীক্ষা নেওয়ায় সংক্ষিপ্ত সিলেবাসেই তাদের ভর্তি পরীক্ষা নেওয়া হবে বলে জানান তিনি।

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) সচিবালয়ে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক শেষে ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।

এ সময় আগামী ২২ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক-উচ্চমাধ্যমিক ও উচ্চশিক্ষা ক্ষেত্রে শ্রেণিকক্ষে পাঠদান শুরু হবে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, যাদের দ্বিতীয় ডোজ করোনার টিকা নেওয়া সম্পন্ন হয়েছে, তারাই সরাসরি ক্লাসে আসতে পারবে। যাদের টিকা দেওয়া নেই, তারা এটি না নেওয়া পর্যন্ত অপেক্ষা করবে এবং অনলাইনে ক্লাস করবে।

করোনাসংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুসারে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি। সচিবালয়ে সকালে ব্রিফিংয়ে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন উপস্থিত ছিলেন।

দীপু মনি জানান, প্রাথমিকের শিক্ষার্থীরা টিকা না নেওয়ায় তাদের বিষয়ে সিদ্ধান্ত হয়নি। দুই সপ্তাহ পর জানানো হবে। আপাতত তারা অনলাইনে ক্লাস করবে। তবে খোলার দুই সপ্তাহের মধ্যে তাদেরও টিকা দেওয়া সম্পন্ন হবে। তখন ক্লাসে আসবে তারা।

  •  
  •  
  •  
  •