রাজধানীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৬ কর্মচারী দগ্ধ

নিউজ ডেস্ক: রাজধানী ঢাকার কলাবাগানে একটি ক্যাফেটেরিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় আগুনে ক্যাফেটেরিয়ার ৬ কর্মচারী দগ্ধ হন।

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে নয়টার দিকে আল বারাকা নামে ক্যাফেটেরিয়াতে এ দুর্ঘটনা ঘটে। দগ্ধ সবাইকে উদ্ধার করে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়েছে।

দগ্ধরা হলেন- ক্যাফেটেরিয়ার ওয়েটার সারোয়ার হোসেন (১৬), ফয়সাল আহমেদ (১৬), ফরহাদ চৌধুরী (১৭), তামিম (১৮), নাহিদ (১৮) ও বাবুর্চি সবুজ (৩৫)।

প্রতিষ্ঠানটির ম্যানেজার মো. হাবিবুর রহমান জানান, সকালে ক্যাফেটেরিয়া খোলার পর কর্মচারীরা কাজ শুরু করেছিল। চুলার সঙ্গে সংযুক্ত থাকা পুরাতন খালি গ্যাস সিলিন্ডারটি লাইন খুলে নতুন সিলিন্ডার লাগাচ্ছিলো তারা। পুরাতন সিলিন্ডারটির মুখ খুলে সেটির ভিতর থাকা বাকি গ্যাসটুকু বের করে দিচ্ছিলো তখন সেই গ্যাস বের হয়ে পাশে থাকা জ্বলন্ত চুলার আগুনের সংস্পর্শে জ্বলে উঠে। এতে পাশে দাঁড়িয়ে থাকা কর্মচারীরা দগ্ধ হয়।

তিনি আরও জানান, ঘটনার পরপরই তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

  •  
  •  
  •  
  •