অবশেষে রাশিয়াকে সুইফট থেকে অপসারণ
আন্তর্জাতিক ডেস্ক: আর্থিক লেনদেনের বার্তা প্রেরণের আন্তর্জাতিক প্রতিষ্ঠান সুইফট পেমেন্ট নেটওয়ার্ক থেকে বেশকিছু রাশিয়ান ব্যাংকগুলোকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), মার্কিন যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্ররা। এর মাধ্যমে রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের সম্পদগুলো হিমায়িত করা হবে। সেই সঙ্গে বৈদেশিক রিজার্ভে রাশিয়ার প্রবেশাধিকার সীমিত করা হবে।
আন্তর্জাতিক সংবামাধ্যম বিবিসির প্রকাশিত প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা যায়।
রোববার (২৭ ফেব্রুয়ারি) একটি যৌথ বিবৃতিতে জানানো হয়েছে, আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থা থেকে রাশিয়াকে আরও বিচ্ছিন্ন করে দেওয়াই হচ্ছে এ পদক্ষেপ গ্রহণের উদ্দেশ্য।
শনিবার (২৬ ফেব্রুয়ারি) জার্মান সরকারের একজন মুখপাত্র বলেছে, ইউক্রেনে রাশিয়ার আক্রমণ বন্ধ করার লক্ষ্যে তৃতীয় নিষেধাজ্ঞা প্যাকেজে হিসেবে জার্মানি এবং তার পশ্চিমা মিত্ররা রাশিয়াকে সুইফট গ্লোবাল পেমেন্ট সিস্টেম থেকে বিচ্ছিন্ন করতে দিতে সম্মত হয়েছে।
পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স, কানাডা, ইতালি, গ্রেট ব্রিটেন এবং ইউরোপীয় কমিশনের এ নিষেধাজ্ঞায় রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের দেশটির মুদ্রা রুবেল ব্যবহারের ক্ষমতা সীমিত করার পদক্ষেপটিও অন্তর্ভুক্ত রয়েছে।
এ বিষয়ে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেন জানান, আমরা রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংককে পঙ্গু করে দেব। এ পদক্ষেপের ফলে রাশিয়ার ব্যাংকগুলো বিশ্বব্যাপী তাদের বেশির ভাগ আর্থিক লেনদেন পরিচালনা করতে পারবে না। দেশটির আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ হয়ে যাবে। দ্বিতীয়ত, আমরা পুতিনকে তার যুদ্ধের তহবিল ব্যবহার করা থেকে বিরত রাখব। রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের সম্পদ পঙ্গু করে দেওয়া হবে। এতে ব্যাংকের লেনদেন স্থবির হয়ে পড়বে। এ পদক্ষেপ কেন্দ্রীয় ব্যাংকের পক্ষে তার সম্পদকে তারল্যে রূপান্তর করা অসম্ভব করে তুলবে। এসব পদক্ষেপ পুতিনের যুদ্ধে বিনিয়োগ করা কঠিন করে তুলবে।
এদিকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন একটি টুইটার বার্তায় বলেন, আমরা আজ রাতে আন্তর্জাতিক মিত্রদের সঙ্গে বসে রাশিয়াকে বৈশ্বিক আর্থিক ব্যবস্থার বাইরে রাখার সিদ্ধান্ত নিয়েছি। যার মধ্যে রয়েছে সুইফট থেকে রাশিয়ান ব্যাংকগুলোকে বের করে দেওয়ার মতো গুরুত্বপূর্ণ প্রথম পদক্ষেপ। খুব শিগগির এসব পদক্ষেপ বাস্তবায়ন করা হবে।

