ইউক্রেনে আটকে থাকা জাহাজের নাবিকদের উদ্ধার প্রক্রিয়া শুরু

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের অলভিয়া বন্দরে আটকে থাকা জাহাজের ২৮ নাবিককে জাহাজ থেকে উদ্ধার প্রক্রিয়া শুরু হয়েছে। বৃহস্পতিবার (৩ মার্চ) রাতে একটি আন্তঃমন্ত্রণালয় সভা শেষে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেন, বন্দরের কাছে জাহাজটি ছিল। একটি উদ্ধার জাহাজ দিয়ে নাবিকদের তীরে আনা হচ্ছে।

তিনি বলেন, নাবিকদের কীভাবে দ্রুত নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া যায় সেটি আমাদের প্রথম চিন্তা। এছাড়া যিনি মারা গেছেন তার মৃতদেহ কীভাবে ফিরিয়ে আনা যায় সেটি নিয়ে আলোচনা হয়েছে।

সভায় মস্কো, ওয়ারস, বুখারেস্ট ও ভিয়েনার রাষ্ট্রদূত, নৌ-পরিবহন মন্ত্রণালয়, এএফডি, পেট্রোবাংলা, ব্যবসায়িক নেতা, বাংলাদেশ ব্যাংকসহ অন্যান্য সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

পরিস্থিতি পর্যালোচনা করা হয়েছে জানিয়ে মাসুদ বিন মোমেন বলেন, জাহাজ থেকে নাবিকদের নিরাপদ জায়গায় সরিয়ে আনা হচ্ছে। এ মুহূর্তে ইউক্রেন থেকে সরিয়ে আনা হচ্ছে না। এটি প্রথম পদক্ষেপ। পোল্যান্ডের সীমান্তে কিছু সমস্যা দেখা দিয়েছে জানিয়ে তিনি বলেন, অন্য জায়গায় যাওয়া যায় কি না সেটি আমরা দেখছি। রাশিয়াও বলছে তারা সব ধরনের সহায়তা দেবে।

রাশিয়া কী সহায়তা দেবে জানতে চাইলে তিনি বলেন, নাবিকরা এখন ইউক্রেনের ভেতরে রয়েছে। আমরা দেখতে পাচ্ছি দ্রুত ওই এলাকা রাশিয়ানদের দখলে চলে যাচ্ছে। এক্ষেত্রে রাশিয়ানদের সঙ্গে আমাদের যোগাযোগ রাখতে হবে।

  •  
  •  
  •  
  •