বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের প্যাথলজি বিভাগ পরিদর্শন করেন জার্মান রাষ্ট্রদূত আখিম ট্র্যোস্টার

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের প্যাথলজি বিভাগ পরিদর্শন করেন জার্মান রাষ্ট্রদূত আখিম ট্র্যোস্টার। প্যাথলজি বিভাগের আমন্ত্রণে আজ ৯ মার্চ, বুধবার দুপুর ২ টার সময় তাকে অভ্যর্থনা জানিয়ে সৌজন্য সাক্ষাত করেন উক্ত বিভাগের শিক্ষকবৃন্দ।

এরপর প্যাথলজি বিভাগের প্রফেসর মানিক লাল দেওয়ান কনফারেন্স রুমে অনুষ্ঠিত এক সভায় প্যাথলজি বিভাগের প্রধান ড. মুনমুন পারভীন প্যাথলজি বিভাগের পরিচিতি সম্পর্কে একটি সংক্ষিপ্ত বক্তব্য উপস্থাপন করেন। পরবর্তী উপস্থাপনায় প্যাথলজি বিভাগের সাথে জার্মানীর বিভিন্ন সহযোগিতার দিক তুলে ধরেন অধ্যাপক ড. রোখসানা পারভীন।

এ সভায় উপস্থিত বাউরেসের সভাপতি অধ্যাপক ড. মো: আবু হাদী নূর আলী খান বলেন, “বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় গবেষণা খাতে দ্রুত এগিয়ে চলেছে। আগামী ৫ বছরের ভিতর বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এশিয়ার বৃহত্তম এগ্রিকালচারাল হাব হয়ে উঠবে বলে আশা প্রকাশ করেন তিনি।”

এসময় প্যাথলজি বিভাগের পক্ষ থেকে জার্মান রাষ্ট্রদূতকে সৌজন্য স্মারক প্রদান করা হয়। পরবর্তীতে প্যাথলজি বিভাগের স্মাতক ও স্নাতকোত্তর ল্যাবরেটরিগুলো পরিদর্শন করেন‌ তিনি।

ল্যাবরেটরি পরিদর্শন শেষে বিকেল চারটায় ভেটেরিনারি অনুষদের মেডিসিন গ্যালারীতে জার্মানীতে বৃত্তি নিয়ে উচ্চশিক্ষায় যেতে আগ্রহী শিক্ষার্থীদের নিয়ে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। এসময় শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের জবাবে রাষ্ট্রদূত বলেন, “উচ্চশিক্ষায় যেতে ভালো ফলাফলের পাশাপাশি সকল শিক্ষার্থীকে অবশ্যই ইংরেজী ভাষায় পারদর্শী হতে হবে।” এসময় তিনি সকল শিক্ষার্থীর জন্য শুভকামনা জানান।

এ আলোচনা সভায় উপস্থিত ভেটেরিনারি অনুষদীয় ডীন অধ্যাপক ড. মো: মকবুল হোসেন জার্মান রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানিয়ে বলেন, ” আমরা খুবই আনন্দিত তাদের এ সফরে।” আসন্ন ভবিষ্যতে তিনি দুই দেশের সম্পর্ক আরো মজবুত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

  •  
  •  
  •  
  •