১৩ অথবা ১৪ মার্চ দেশে পৌঁছাবে হাদিসুরের মরদেহ

নিউজ ডেস্ক: ‘এমভি বাংলার সমৃদ্ধি’ জাহাজের নিহত থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমানের মরদেহ আগামী ১৩ অথবা ১৪ মার্চ ঢাকায় পৌঁছাবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।

শুক্রবার (১১ মার্চ) শাহরিয়ার আলম বলেন, নিহত থার্ড ইঞ্জিনিয়ার মো. হাদিসুর রহমানের মরদেহ ইউক্রেন থেকে মলদোভা পৌঁছেছে। আশা করছি সকাল নাগাদ রোমানিয়ার রাজধানী বুখারেস্টে পৌঁছাবে। সেখানে কিছু দাপ্তরিক কাজ শেষে ১৩-১৪ তারিখ বাংলাদেশে পৌঁছাবে।

এর আগে, শুক্রবার সকালে বাংলাদেশ মার্চেন্ট মেরিন অ্যাসোসিয়েশন (বিএমএমওএ) সাধারণ সম্পাদক মেরিন ইঞ্জিনিয়ার মো. শাখাওয়াত হোসেন জানিয়েছিলেন, নাবিক হাদিসুর রহমানের মরদেহ রোমানিয়ার বুখারেস্টে নেওয়া হচ্ছে।

তার আগে বৃহস্পতিকার শাখাওয়াত হোসেন জানান, হাদিসুরের মরদেহ বৃহস্পতিবার দেশে ফেরার কথা থাকলেও তার পরিবারের কাছে সম্মতিপত্র চেয়েছে রোমানিয়া সরকার। সেই সম্মতিপত্র পাঠানো হয়েছে। রোমানিয়া সরকারের সবুজ সংকেত পাওয়ার পর আগামী শনিবার কিংবা রোববারের দিকে তার লাশ দেশে আসবে।

এর আগে গত বুধবার (৯ মার্চ) যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে আটকে পড়া বাংলাদেশি জাহাজ ‘বাংলার সমৃদ্ধি’র জীবিত ২৮ নাবিক ঢাকায় পৌঁছেছেন। তারা ইউক্রেন থেকে মলদোভা হয়ে বুখারেস্টে পৌঁছান, সেখান থেকে তারা ঢাকায় ফিরে আসেন।

  •  
  •  
  •  
  •