হলে র‍্যাগিংয়ের শিকার হয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হাসপাতালে

নিউজ ডেস্ক:

ময়মনসিংহের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) এক নবীন শিক্ষার্থী র‍্যাগিংয়ের শিকার হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। শনিবার (১২ মার্চ) বিকেলে বিশ্ববিদ্যালয়ের অগ্নিবীণা হলের একটি কক্ষে এ ঘটনা ঘটে।

জানা যায়, ভুক্তভোগী ওই ছাত্রের নাম সাগর চন্দ্র দে। তিনি সঙ্গীত বিভাগে ২০২০-২১ শিক্ষাবর্ষের ছাত্র। এক ব্যাচ সিনিয়র তিন শিক্ষার্থী অগ্নিবীণা হলের ২০৪ নম্বর কক্ষে তাকে ডেকে নিয়ে শারীরিক নির্যাতন করে।

হলের প্রভোস্ট কল্যাণাংশু নাহা জানান, “ঘটনাটি আমি জেনেছি। আহত অবস্থায় শিক্ষার্থীকে বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন এ ধরনের নির্যাতন বা র‍্যাগিংয়ের ঘটনা এলাও করবে না। এ ঘটনার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব।”

এর আগে সোমবার (৭ মার্চ) বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থী ওয়ালিদ নিহাদের ওপর হামলার ঘটনায় ৪ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কারসহ আরও ৭ শিক্ষার্থীর বিরুদ্ধে বিভিন্ন শাস্তির সুপারিশ করা মধ্যেই বিশ্ববিদ্যালয়টিতে আবারও শিক্ষার্থী নির্যাতনের ঘটনা ঘটল।

  •  
  •  
  •  
  •