সেহরিতে জাবির হলে পচা ভাত দেয়ায় শিক্ষার্থীদের মানববন্ধন
নিউজ ডেস্ক:
সেহরিতে পচা ভাত দেয়ার অভিযোগ জানিয়ে এর প্রতিবাদে ও খাবারের মানোন্নয়নের দাবিতে মানববন্ধন করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ফজিলাতুন্নেছা হলের আবাসিক শিক্ষার্থীরা। গতকাল রোববার বিকেল ৫টায় হলগেটে তারা এই মানববন্ধন করেন।
শিক্ষার্থীরা অভিযোগ করেন, প্রায় দুই সপ্তাহ ধরে হলের ক্যান্টিন বন্ধ। গতকাল শনিবার দিবাগত রাতে সেহরিতে ডাইনিংয়ে পচা ভাত পরিবেশন করা হয়েছে। মানববন্ধনে শিক্ষার্থীরা ক্যান্টিন চালু করা, ডাইনিংয়ের খাবারের মান বাড়ানো, ইলেকট্রিক সমস্যার সমাধান, আসবাবপত্র সমস্যা সমাধান, হল সুপারের কর্তৃত্ববাদী আচরণ নির্মূলসহ বিভিন্ন দাবি জানান।
মানববন্ধনে চারুকলা বিভাগের ৪৪তম ব্যাচের শিক্ষার্থী জুলফিসাহ রাবেয়া মুমু বলেন, ‘হল প্রশাসন আমাদের দেখভালই করে না। তাদের কাছে কোনো সমস্যার প্রতিকার চাইতে গেলে নতুন হলের দোহাই দিয়ে তা ফেলে রাখে। হল সুপার কর্তৃত্ববাদী আচরণ করেন। তাদের কর্তৃত্ববাদী আচরণ পরিবর্তন করতে হবে। আমাদের দাবি মেনে নিয়ে তা বাস্তবায়ন করতে হবে। পচা-বাসি মানহীন খাবার খেয়ে বেঁচে থাকা সম্ভব না।’
ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী নারমিন সুলতানা উপমা বলেন, ‘হলের ডাইনিংয়ের খাবারের মান খুবই নিম্নমানের৷ এ বিষয়ে অভিযোগ করলে হল সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, সমস্যা হলে রান্না করে খাও। হয়তো তারা খাবারের মান ঠিক করবে নয়তো রাতে হলের গেট খোলা রাখতে হবে৷ যাতে বাইরে থেকে খেয়ে আসতে পারি। কারণ পচা খাবার খেয়ে সেহরি করা সম্ভব না।’
এ বিষয়ে জানতে চাইলে ফজিলাতুন্নেছা হলের প্রোভষ্ট এ টি এম আতিকুর রহমান বলেন, ‘হলের এই সমস্যার কথা শিক্ষার্থীরা আমাকে আগে জানায়নি। আমি মাত্র জানলাম। আমি এসেছি তাদের সঙ্গে আলোচনা করে বিষয়টি সমাধান করব।’

