গাইবান্ধায় নিজেদের জমিতে ইপিজেড চান না সাঁওতালরা

নিউজ ডেস্ক: গাইবান্ধার গোবিন্দগঞ্জে ছয় বছর আগে তিন সাঁওতাল হত্যার বিচার এবং তাঁদের জমিতে ইপিজেড নির্মাণ না করার দাবিতে জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন ওই ক্ষুদ্র নৃগোষ্ঠীর লোকজন।

দুই ঘণ্টাব্যাপী কর্মসূচি শেষে জেলা প্রশাসক অলিউর রহমানের কক্ষে গিয়ে তাঁর হাতে স্মারকলিপি তুলে দেন সাঁওতালরা। তাঁরা বলছেন, যে জমির কারণে তাঁদের রক্ত দিতে হয়েছে, সে জমিতে ইপিজেড করতে দেওয়া হবে না।

আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে প্রায় ৫০ কিলোমিটার দূরে অবস্থিত গোবিন্দগঞ্জের মাদারপুর ও জয়পুর গ্রাম থেকে বাসে করে গাইবান্ধা শহরে আসেন সাঁওতালরা। এরপর পলাশবাড়ী সড়কের এলজিইডি কার্যালয়ের সামনে থেকে মিছিল বের করেন তাঁরা। মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের পলাশবাড়ী সড়কের ডিসি কার্যালয়ের সামনে দুপুর ১২টায় অবস্থান কর্মসূচিতে বসে। এতে তির-ধনুক, ফেস্টুন ও ব্যানার হাতে দুই শতাধিক সাঁওতাল নারী-পুরুষ অংশ নেন। কর্মসূচির আয়োজন করে গোবিন্দগঞ্জের সাহেবগঞ্জ বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটি ও জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটি।

অবস্থান কর্মসূচিতে বক্তব্য দেন জেলা জাসদের সভাপতি গোলাম মারুফ, গাইবান্ধা আদিবাসী-বাঙালী পরিষদের আহ্বায়ক আইনজীবী সিরাজুল ইসলাম, গাইবান্ধা সামাজিক সংগ্রাম পরিষদের আহ্বায়ক জাহাঙ্গীর কবির ও সদস্যসচিব মোরশেদ হাসান, জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি রবীন্দ্র সরেন, সাহেবগঞ্জ বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সভাপতি ফিলিমন বাস্কে, সহসাংগঠনিক সম্পাদক সুফল হেমব্রম, সদস্য প্রিসিলা মুরমু, ব্রিটিশ সরেন, মাথিয়ার্স মার্ডি প্রমুখ। তাঁদের দাবি, তিন সাঁওতাল হত্যার বিচার ও সাহেবগঞ্জ এলাকায় তাঁদের বাপ-দাদার জমিতে ইপিজেড নির্মাণের সিদ্ধান্ত বাতিল করতে হবে।

  •  
  •  
  •  
  •