বাকৃবিতে নীল দলের আহ্বায়ক কমিটি গঠিত
নিজস্ব প্রতিবেদকঃ
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন নীল দলের আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে।
রবিবার (২৪ এপ্রিল) বাকৃবির পশুবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সৈয়দ মোহাম্মদ এহসানুর রহমানকে আহ্বায়ক ও কৃষি ও ফলিত পরিসংখ্যান বিভাগের প্রফেসর ড. মোঃ ফারুক ইমামকে সদস্য সচিব করে নীল দলের আহ্বায়ক কমিটি পুনর্গঠন করা হয়।
আহ্বায়ক কমিটিকে দ্রুত পূর্ণাঙ্গ কমিটি করার জন্য অনুরোধ জানানো হয়। এছাড়া পূর্ণাঙ্গ কমিটি গঠিত হওয়ার পূর্ব পর্যন্ত সাংগঠনিক কার্যক্রম পরিচালনার জন্য কাজ করবে আহ্বায়ক কমিটি।

এ বিষয়ে নীল দলের নতুন আহ্বায়ক অধ্যাপক ড. সৈয়দ মোহাম্মদ এহসানুর রহমান জানান, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে লেকচারার হিসাবে যোগদানের পর থেকে অদ্যাবধি শত বাধা-বিপত্তি, নিপীড়ন সহ্য করেও বঙ্গবন্ধুর আদর্শ ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার রাজনৈতিক ও জীবন দর্শনে উজ্জীবিত হয়ে শিক্ষা, গবেষণা, সামাজিক ও রাজনৈতিক কর্মকান্ডে সততা, সাহসিকতা ও নিষ্ঠার সাথে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি উচ্চশিক্ষা ও গবেষণার মান উন্নয়নে; সর্বোপরি শিক্ষকদের মান মর্যাদা সমুন্নত রাখতে। পেশাগত জীবনে গবেষণা স্বীকৃতি হিসেবে দেশী বিদেশী বিভিন্ন সংস্থা থেকে পেয়েছেন এওয়ার্ড এবং অধ্যাপনা করেছেন কোরিয়া ও চীনের বিশ্ববিদ্যালয়ে।
তিনি আরও জানান, ২০০১ পরবর্তী সময়ে আওয়ামী রাজনীতির চড়াই উৎরাই এর সাথী হয়েছি আমি। আওয়ামী লীগের দুঃসময়ে (২০০১-২০০৮) আওয়ামীপন্থী শিক্ষকদের নেতৃত্বের অগ্রভাগে ছিলাম আমি। ২০০৭ সনে জননেত্রী শেখ হাসিনার মুক্তি আন্দোলনের অগ্রভাগেও আমি ছিলাম। করোনা উত্তর চতুর্থ শিল্প বিপ্লবে সার্বিক শিক্ষার মনোন্নয়নে যোগ্য, সৎ ও দেশপ্রেমিক নেতৃত্বই পারবে যথাযথ ভূমিকা রাখতে। আর এই লড়াই এ আমিও একজন কর্মী হতে চাই।

