বিশ্বসেরা গবেষকদের তালিকায় বাকৃবির ১৫৬ জন শিক্ষক-গবেষক
নিজস্ব প্রতিবেদকঃ
অ্যালপার ডগার (এডি) সায়েন্টিফিক ইনডেক্স র্যাংকিং-২০২২ এ বিশ্বসেরা গবেষকদের তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ১৫৬ জন শিক্ষক-গবেষক।
শনিবার(২৩ এপ্রিল) এডি সায়েন্টিফিক ইনডেক্সের ওয়েবসাইটে প্রকাশিত তালিকা থেকে এ তথ্য জানা গেছে। এবারের তালিকায় বিশ্বের ২১৬ টি দেশের ১৫ হাজার ৪৩০টি প্রতিষ্ঠানের ৯ লাখ ৬ হাজার ৫৮৩ জন গবেষক স্থান পেয়েছেন। এর মধ্যে বাংলাদেশের রয়েছেন ২ হাজার ৭৭৪ জন।
বাকৃবির ১৫৬ জন শিক্ষকের মধ্য থেকে বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম-১ সব ধরনের ক্যাটাগরিতে বাকৃবিতে ১ম এবং দেশে ১২ তম স্থান লাভ করেছেন। এছাড়া মৃত্তিকা বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. জাহিরউদ্দিন বাকৃবিতে ২য় এবং জেনেটিক্স এন্ড প্লান্ট ব্রিডিং এর অধ্যাপক ড. আনোয়ার হোসাইন বাকৃবিতে ৩য় স্থান লাভ করেছেন।
জানা গেছে, বাংলাদেশের ২ হাজার ৭৭৪ জন গবেষকদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৮৫ জন, বুয়েটের ১৩৫ জন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৯৭ জন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৮৫ জন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫৬ জন, খুলনা বিশ্ববিদ্যালয়ের ৫৪ জন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৫০ জন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৫০ জন, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৪৯ জন, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৪৭ জন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের ৪১ জন স্থান পেয়েছেন।
উল্লেখ্য সায়েন্টিফিক ইনডেক্স গবেষকদের গুগল স্কলারের রিসার্চ প্রোফাইলের বিগত পাঁচ বছরের গবেষণার এইচ ইনডেক্স, আইটেন ইনডেক্স ও সাইটেশন স্কোরের ভিত্তিতে এ র্যাংকিং প্রকাশ করা হয়।

