কাউন্টার কিংবা অনলাইন, কোথাও নেই ট্রেনের টিকিট
নিউজ ডেস্কঃ
ঈদের ছুটি শেষে ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে ঢাকামুখী যাত্রীদের উপচে পড়া ভিড় দেখা গেছে। তবে কাউন্টার ও অনলাইনে টিকিট না পাওয়ার অভিযোগ করেছেন যাত্রীরা।
যাত্রীদের অভিযোগ, কাউন্টার এবং অনলাইনে কোথাও ট্রেনের টিকিট পাওয়া যায় না। তবে ট্রেনের টিকিট অতিরিক্ত দামে কালোবাজারে পাওয়া যাচ্ছে। ময়মনসিংহ শহরের লোকমান আলী বলেন, ‘কাউন্টার থেকে সকাল ৮টায় ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়। আধাঘণ্টা বিক্রির পর কাউন্টারে আর টিকিট পাওয়া যায় না। বুকিং মাস্টার বলে দেন, টিকিট শেষ হয়ে গেছে।’
কালোবাজারে টিকিট পাওয়ার বিষয়টি স্বীকার করে ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের সুপারিনটেনডেন্ট জাহাঙ্গীর আলম বলেন, ‘ময়মনসিংহ থেকে ঢাকায় ছেড়ে যাওয়া আন্তঃনগর ট্রেনের টিকিট সংখ্যা খুবই কম। প্রতিদিন সকাল ৮টায় টিকিট ছাড়ার পরই কিছুক্ষণের মধ্যে যাত্রীরা নিয়ে যান। একজন ব্যক্তি আইডি কার্ড দেখিয়ে সর্বোচ্চ চারটি টিকিট নিতে পারেন। টিকিট সংখ্যা কম হওয়ায় দ্রুত কাউন্টার থেকে শেষ হয়ে যাচ্ছে। তবে অনলাইনের টিকিট যাত্রীরা পাচ্ছেন না এটি সত্য।’
জাহাঙ্গীর আলম আরও বলেন, ‘ঈদ শেষে শনিবার থেকে কর্মস্থলে ফেরা ট্রেনযাত্রীর চাপ বেড়েছে। যাত্রীরা যাতে নির্বিঘ্নে ট্রেনে উঠতে পারেন সে বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং রেলওয়ের কর্মীরা তৎপর রয়েছেন।’
ময়মনসিংহ রেলওয়ের জিআরপি থানার ওসি মামুন রহমান গণমাধ্যমকে বলেন, ‘রেলওয়ে স্টেশন কাউন্টার থেকে টিকিট কালোবাজারির তেমন একটা সুযোগ নেই। তবে অনলাইনে যে টিকিট বিক্রি হয়, সেখান থেকে কিনে কালোবাজারিরা বেশি দামে বিক্রি করে। মাঝেমধ্যে জেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালত বসিয়ে কালোবাজারিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়।’
তিনি আরও বলেন, ‘ঈদ শেষে কর্মস্থলে ফেরা যাত্রীদের চাপ অনেক বেশি। যাত্রীরা যাতে নির্বিঘ্নে যাতায়াত করতে পারেন সে ব্যাপারে আমরা তৎপর রয়েছি।

