সনাতন কৃষি আধুনিক কৃষিতে রূপান্তরিত হচ্ছে: কৃষিমন্ত্রী
নিউজ ডেস্ক: কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, এখন সরকারের মূল লক্ষ্য হলো কৃষিকে বাণিজ্যিক ও আধুনিক করা। সেজন্য কৃষির রূপান্তরে সরকার কাজ করছে। যান্ত্রিকীকরণে বিশাল ভর্তুকি দেওয়া হচ্ছে। এছাড়া অ্যাগ্রো-প্রসেসিং, ফসলের উন্নত জাত ও প্রযুক্তি উদ্ভাবন এবং জলবায়ু পরিবর্তন সহনশীল কৃষিতে অত্যন্ত গুরুত্ব দেওয়া হচ্ছে। ফলে সনাতন কৃষি আধুনিক কৃষিতে রূপান্তরিত হচ্ছে।
বৃহস্পতিবার (২৬ মে) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে বাংলাদেশ ডেল্টা প্ল্যান ২১০০ আন্তর্জাতিক কনফারেন্সে ‘কৃষির রূপান্তর’ শীর্ষক সেশনে তিনি এসব কথা বলেছেন। কৃষি মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
অনুষ্ঠানে কৃষিমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার কৃষিবান্ধব উদ্যোগের ফলে গত ১৩ বছরে দেশের কৃষিতে বিস্ময়কর সাফল্য অর্জিত হয়েছে। যে দেশটি একসময় খাদ্য ঘাটতির দেশ হিসেবে বিশ্বে পরিচিত ছিল, তা আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। করোনা, যুদ্ধসহ বর্তমান কঠিন বৈশ্বিক পরিস্থিতিতেও দেশে খাদ্য সংকট দেখা দেয়নি।’
দেশে কৃষি ও খাদ্য নিরাপত্তায় আগামী দিনের চ্যালেঞ্জ তুলে ধরে মন্ত্রী বলেন, ‘সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে খাদ্য নিরাপত্তাকে টেকসই করতে আমরা গুরুত্ব দিচ্ছি। পতিত জমিকে চাষের আওতায় আনা, খরা, লবণাক্ততাসহ বিভিন্ন প্রতিকূল এলাকায় ফসলের চাষ, শস্য নিবিড়তা বৃদ্ধি, বেশি উৎপাদনশীল জাতের উদ্ভাবন ও চাষ, ভূ-উপরিস্থ পানির ব্যবহার বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তন সহনশীল কৃষির জন্য কাজ করছি।’

