বিসিএস পরীক্ষা দিয়েও ফল জানা হলো না রাফিনের

নিউজ ডেস্ক:

বিসিএস ক্যাডার হওয়ার স্বপ্ন নিয়ে ৪৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নিয়েছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী মীর মো. রাফিন। কিন্তু ফল জানার আগেই শুক্রবার (৩ জুন) সকালে নিজ বাড়িতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হলে হাসপাতালে নেওয়ার পথে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

রাফিন রাজবাড়ী সদরের স্টেডিয়াম সংলগ্ন এলাকার বাসিন্দা মীর আলমগীরের ছেলে। পরিবারের সদস্য ও প্রতিবেশীরা জানান, রাফিন বেশ কিছুদিন ধরে হৃদরোগে আক্রান্ত ছিলেন। বিশ্ববিদ্যালয়ের গ্রীষ্মকালীন ছুটিতে বাড়ি এসে ডাক্তারও দেখিয়েছেন। ডাক্তারের পরামর্শ অনুযায়ী কিছু পরীক্ষা করালেও রিপোর্ট হাতে পাওয়ার আগেই আজ শুক্রবার সকালে হঠাৎই বুকে প্রচণ্ড ব্যথা হলে মায়ের কোলে ঢলে পড়েন রাফিন। পরে রাজবাড়ী সদর হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। বিকেলে আছর নামাজের পর জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। এক বার্তায় তিনি মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। এ ছাড়া পৃথক বার্তায় উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান ও কোষাধ্যক্ষ অধ্যাপক আলমগীর হোসেন ভূঁইয়া শোক প্রকাশ করেন।

লোক প্রশাসন বিভাগের সভাপতি অধ্যাপক ড. লুৎফর রহমান বলেন, তার মৃত্যুতে লোক প্রশাসন বিভাগ গভীরভাবে শোকাহত। তার আত্মার মাগফেরাত ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।

  •  
  •  
  •  
  •