বাকৃবিতে গ্রীন ভয়েসের আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক:
‘যুবরাই লড়বে সবুজ পৃথিবী গড়বে‘ এই প্রতিপাদ্যকে ধারণ করে তৈরি একটি পরিবেশবাদী যুব সংগঠন গ্রীন ভয়েস।
“বিশ্ব পরিবেশ দিবস ২০২২” কে সামনে রেখে দুইদিনব্যাপী অনুষ্ঠানের আজ দ্বিতীয় দিনে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে গ্রীন ভয়েসের আয়োজনে আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এর আগে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় হাইস্কুলে পরিবেশ অলিম্পিয়াডের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।
অনুষ্ঠানের শুরুতে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত ও দেশাত্মবোধক গান পরিবেশন করা হয়। এরপর গ্রীন ভয়েসের কার্যক্রম তুলে ধরেন গ্রীন ভয়েস বাকৃবির যুগ্ম সাধারণ সম্পাদক অয়ন দে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ইকরামুল হক টিটু এবং প্রধান পৃষ্ঠপোষক হিসেবে ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. মো: রফিকুল ইসলাম। পরিবেশ বাঁচাতে নিজের পরিবর্তনের উপর জোর দেন তিনি।

অনুষ্ঠানের মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রধান আলোচক প্রফেসর ড. এ. কে. এম. জাকির হোসেন। তার উপস্থাপিত প্রবন্ধে তিনি বলেন, “ইকোসিস্টেম বা পৃথিবীকে রক্ষা করা না গেলে এসডিজি লক্ষমাত্রা অর্জন করা সম্ভব না।” এসময় তিনি পরিবেশ দূষণের বিভিন্ন কারণ ও তার প্রভাব তুলে ধরেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির আসনে ছিলেন ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. খান মো: সাইফুল ইসলাম, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মো. মহির উদ্দিন, মময়নসিংহের বিভাগীয় বন কর্মকর্তা এ. কে. এম রুহুল আমিন এবং গ্রীন ভয়েসের প্রতিষ্ঠাতা মো: আলমগীর কবির। সুন্দর ও সাবলীল পরিবেশ গঠনের প্রত্যয় ব্যক্ত করেন গ্রীন ভয়েসের প্রতিষ্ঠাতা মো: আলমগীর কবির।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গ্রীন ভয়েস বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি উসামা ইবান ওহী।
অনুষ্ঠানের গেস্ট অফ অনার হিসেবে আমন্ত্রণ জানানো হয় নগর পরিকল্পনাবিদ ও পরিবেশ বিশেষজ্ঞ স্থপতি মো: ইকবাল হাবিবকে। পরিবেশ রক্ষার্থে সবার সম্মিলিত প্রচেষ্টার উপর জোর দেন এ বিশেষজ্ঞ।
বক্তব্য উপস্থাপনের পর গ্রীন ভয়েস কর্তৃক আয়োজিত দেশের প্রথম পরিবেশ অলিম্পিয়াডের বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় ক্যাটাগরিতে সর্বমোট ১৫ জন পুরস্কার প্রাপ্ত হন। পুরস্কার বিতরণের পর একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের পরিচালনায় ছিলেন গ্রীন ভয়েসের সাংগঠনিক সম্পাদক হাফসা তাসনিম, মিশু মোর্শেদ ও মৃত্তিকা ইসলাম। এ অনুষ্ঠানের মিডিয়া পার্টনার হিসেবে ছিল সবুজবাংলাদেশ24.কম।

