পদ্মা সেতুর উদ্বোধন দেখতে বুয়েটের সব ক্লাস বন্ধ ঘোষণা

নিউজ ডেস্কঃ

পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান দেখতে আগামী ২৫ জুন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সব ক্লাস ও কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। শিক্ষার্থীদের স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান দেখার সুযোগ করে দিতে এ সিদ্ধান্ত নেয়া হয় বলে জানা যায়।

বৃহস্পতিবার (২৩ জুন) বুয়েট রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. ফোরকান উদ্দিনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৫ জুন পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান শিক্ষার্থীদের দেখার সুযোগ করে দিতে সেদিন বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস বন্ধ থাকবে।

বুয়েট ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক মিজানুর রহমান জানিয়েছেন, শিক্ষার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন এ সিদ্ধান্ত নিয়েছে। গত ১৮ জুন এ বিষয়ে আবেদন করে তারা। তিনি বলেন, ওই দিন বুয়েটের সব ব্যাচের শিক্ষার্থীদের পক্ষে একটি আবেদন দেয়া হয় আমাদের। তাতে উল্লেখ করা হয়, পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান দেখতে চায় তারা। সেদিন কোনও ক্লাস করতে চায় না।

উল্লেখ্য, সাধারণত প্রায় সরকারি বিশ্ববিদ্যালয়ে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকে। তবে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সাপ্তাহিক ছুটি বৃহস্পতি ও শুক্রবার।

  •  
  •  
  •  
  •