রংপুরে অগ্রণী ব্যাংকের শাখায় নিরাপত্তা প্রহরীর মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক:

রংপুরে অগ্রণী ব্যাংকের ভেতর থেকে শামীম মিয়া নামের এক নিরাপত্তারক্ষীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১৮ সেপ্টেম্বর) সকালে রংপুর নগরীর সেন্ট্রাল রোডে অবস্থিত অগ্রণী ব্যাংকের শাখা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

অগ্রণী ব্যাংকের ওই শাখা ব্যবস্থাপক আরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

শামীম মিয়া জেলার মিঠাপুকুর উপজেলার রানীপুকুর গ্রামের আমজাদ হোসেনের ছেলে।

ব্যাংক ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে শাখায় কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা ব্যাংকে এসে শামীমকে শুয়ে থাকতে দেখেন। ডাকাডাকির পরও কোনো সাড়া পাওয়া যাচ্ছিল না। কাছে গিয়ে দেখেন সে মৃত অবস্থায় পড়ে আছে এবং মুখ দিয়ে লালা ঝরছে। তাৎক্ষণিকভাবে বিষয়টি পুলিশকে জানানো হয়।

খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি দল অবস্থান করে। তবে ব্যাংকের টাকাসহ অন্য কিছু লোপাট হয়েছে কিনা তা জানা যায়নি।
শাখা ব্যবস্থাপক আরিফুল ইসলাম বলেন, শামীম প্রায় দেড় বছর থেকে এখানে নিরাপত্তারক্ষী হিসেবে চাকরি করছেন। দশ দিন আগে সে বিয়ে করেছিল।

  •  
  •  
  •  
  •