এপিএ মূল্যায়নে ৪৩ ধাপ পিছিয়ে সর্বশেষ স্থানে বাকৃবি
নিজস্ব প্রতিবেদকঃ
বার্ষিক কর্মসম্পাদন চুক্তির (এপিএ) মূল্যায়নে এ বছর সর্বোচ্চ ৪৩ ধাপ পিছিয়ে সবার শেষে অর্থাৎ ৪৬তম স্থানে অবস্থান করছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি)। শনিবার (০১ অক্টোবর) ইউজিসির সচিব ড. ফেরদৌস জামান স্বাক্ষরিত একটি প্রতিবেদনে এসব সব তথ্য জানা যায়।
সম্প্রতি দেশের ৪৬টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ অর্থবছরের এপিএ মূল্যায়নের ফলাফল প্রকাশ করেছে ইউজিসি। এতে সবোচ্চ ৯৯.৪৭ স্কোর নিয়ে প্রথম হয়েছে গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়। দ্বিতীয় অবস্থানে থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাপ্ত নম্বর ৯৪ দশমিক ৪৮। ফলাফলের দিক থেকে তৃতীয় অবস্থানে রয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। জবির প্রাপ্ত নম্বর ৯৩ দশমিক ৭৫।
৯০ দশমিক ৪৯ নম্বর নিয়ে তালিকায় চতুর্থ অবস্থানে রয়েছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। পঞ্চম অবস্থানে থাকা বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস এর প্রাপ্ত নম্বর ৮৯ দশমিক ২২। ষষ্ঠ অবস্থানে রয়েছে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়। তাদের প্রাপ্ত নম্বর ৮৮ দশমিক ৯৫।
এছাড়া ৮৭ দশমিক ৬৭ নম্বর নিয়ে সপ্তম অবস্থানে রয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। তালিকায় ৮ম অবস্থানে রয়েছে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। নবম অবস্থানে রয়েছে যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং দশ অবস্থানে রয়েছে চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়।
এপিএ মূল্যায়নে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ, এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় ২০ এর নিচে স্কোর পেয়েছে।

