রাজধানীতে পরীক্ষামূলক বর্জ্য শোধন শুরু

নিউজ ডেস্ক: ঢাকা শহরে দুই কোটির বেশি মানুষের বাস। অথচ এতদিন কোনো ব্যবস্থা ছিল না পয়ঃবর্জ্য শোধনের। নগরের সব পয়ঃবর্জ্য ড্রেন, নালা, খাল, ঝিল গড়িয়ে চলে যেত ঢাকার চারপাশের নদীতে। এতে ভয়াবহ আকারে পৌঁছায় নদীর পানিদূষণ। এ অবস্থা থেকে পরিত্রাণ পেতে রাজধানীর আফতাবনগর সংলগ্ন দাশেরকান্দিতে পয়ঃশোধনাগার স্থাপন করেছে ঢাকা ওয়াসা। শোধনাগারের কাজ প্রায় শেষ। এখন চলছে পরীক্ষামূলক পয়ঃশোধনের কাজ।

এই শোধনাগারের মাধ্যমে হাতিরঝিলের দক্ষিণ দিকে নির্মিত ছয়টি এবং উত্তর দিকের পাঁচটি স্পেশাল স্যুয়ারেজ ডাইভারশন স্ট্রাকচার (এসএসডিএস) দিয়ে নির্গত বর্জ্য শোধন করা হবে। এরপর সেই পানি ফেলা হবে বালু নদীতে। এতে নদীদূষণ যেমন কমবে, তেমনি চাপ কমবে সায়েদাবাদ পানি শোধনাগারের ওপরও।

এছাড়া ওয়াসার মহাপরিকল্পনা অনুযায়ী, ঢাকা শহরের উত্তরা, মিরপুর, রায়েরবাজার ও পাগলায় (দ্বিতীয়) আরও চারটি শোধনাগার নির্মাণ করা হবে। কাজ চলছে এসব প্রকল্পের জমি অধিগ্রহণের।

উন্নয়ন পরিকল্পনা প্রস্তাব (ডিপিপি) অনুযায়ী, ২০১৫ সালের জুলাই মাসে শুরু হওয়া এই প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা ছিল ২০১৯ সালের ডিসেম্বরে। তবে দুই দফা সংশোধনীতে প্রকল্পের মেয়াদ বাড়ানো হয়েছে ২০২৩ সালের ডিসেম্বর পর্যন্ত। এরই মধ্যে প্রকল্পের কাজ প্রায় শেষ। এখন পরীক্ষামূলকভাবে শোধন করা হচ্ছে বর্জ্য। প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সময় চেয়েছে ঢাকা ওয়াসা।

আট বছরে এই প্রকল্প বাস্তবায়নে ব্যয় হয়েছে প্রায় ৩ হাজার ৪৮২ কোটি টাকা।

  •  
  •  
  •  
  •