বাংলাদেশে মুক্তি পেতে যাচ্ছে ‘পাঠান’

বিনোদন ডেস্ক:

অবশেষে বাংলাদেশের পেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে শাহরুখ খান অভিনীত আলোচিত হিন্দি সিনেমা ‘পাঠান’। এ বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে দেশের চলচ্চিত্র সংশ্লিষ্ট ১৯টি সংগঠন।

রোববার (১২ ফেব্রুয়ারি) বিকেলে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) অনুষ্ঠিত এক বৈঠকে সংগঠনগুলো বাংলাদেশে হিন্দি সিনেমা মুক্তির ওপর আপত্তি তুলে নেয়ার ব্যাপারে এ  ঐকমত্যে পৌঁছায়।

বৈঠকে উপস্থিত সংগঠনগুলোর বেশ কয়েকটির সভাপতি ও সাধারণ সম্পাদক বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তারা বলেন, আলোচনায় এ বিষয়ে  ঐকমত্য হয়েছে যে, দেশে হিন্দি সিনেমা আমদানি ও প্রদর্শনের ওপর নিষেধাজ্ঞা আরোপকরা বাস্তবসম্মত সিদ্ধান্ত নয়। বরং বছরে অন্তত ১০টি হিন্দি সিনেমা আমদানি করা যেতে পারে।

অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট নামে একটি প্রতিষ্ঠানের ব্যানারে ‘পাঠান’ সিনেমা আমদানির অনুমতি চাওয়া হয়েছিল। তবে নীতিমালায় কিছু জটিলতা থাকার পাশাপাশি চলচ্চিত্র সংশ্লিষ্ট বেশ কিছু সংগঠন, নির্মাতা, পরিচালক-প্রযোজক দেশে হিন্দি সিনেমা আমদানির বিরোধিতা করেন। বিষয়টি নিয়ে পক্ষে-বিপক্ষে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়। সমস্যা সমাধানে বৈঠকেও বসে মন্ত্রণালয়।

বলিউড বাদশা শাহরুখের ‘পাঠান’ মুক্তির সময় যতই ঘনিয়ে আসছে, ততই ভক্তদের মাঝে সিনেমাটি নিয়ে তুমুল আগ্রহ তৈরি হচ্ছে। আর মাত্র কয়েক দিনের অপেক্ষা। শুক্রবার (২৫ জানুয়ারি) ভারতে মুক্তি পেতে যাচ্ছে প্রতীক্ষিত ও আলোচিত ‘পাঠান’।

‘পাঠান’ সিনেমায় শাহরুখের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন— জন আব্রাহাম, ডিম্পল কাপাডিয়া, আশুতোষ রানা, গৌতম ও একতা কৌরকে।

  •  
  •  
  •  
  •