শীর্ষ ধনীর মুকুট ফিরে পেলেন ইলন মাস্ক
নিউজ ডেস্ক:
বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের তালিকায় আবারও শীর্ষে উঠে এসেছেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক। বুধবার (৩১ মে) ফরাসি টাইকুন বার্নার্ড আর্নল্টকে পেছনে ফেলে বিশ্বের এক নম্বর ধনীর খেতাব পুনরুদ্ধার করেছেন টেসলা সিইও।
এদিন প্যারিস ট্রেডিংয়ে আর্নল্টের লাক্সারি সংস্থা এলভিএমএইচের ২ দশমিক ৬ শতাংশ দরপতন হলে তার ব্যক্তিগত সম্পত্তিতেও টান পড়ে। এর ফলে ধনীর তালিকায় দ্বিতীয়স্থানে নেমে যান তিনি। আর শীর্ষে উঠে আসেন টুইটারের বর্তমান মালিক ইলন মাস্ক।
গত ডিসেম্বরে মাস্কের কাছ থেকেই শীর্ষ ধনীর খেতাব ছিনিয়ে নিয়েছিলেন ৭৪ বছর বয়সী আর্নল্ট। তবে এরপর থেকে বেশ কয়েকবার সম্পদের ব্যবধানে একে অপরকে ছাপিয়ে যান তারা।
ব্লুমবার্গ বিলিয়নিয়ার ইনডেক্সের হিসাবে, বর্তমানে শীর্ষ ধনী ইলন মাস্কের মোট সম্পদের পরিমাণ ১৯ হাজার ২০০ কোটি ডলার। আর দ্বিতীয় স্থানে থাকা আর্নল্টের মোট সম্পদ দাঁড়িয়েছে ১৮ হাজার ৭০০ কোটি ডলার।
সূত্র: ব্লুমবার্গ

