দাবি আদায়ে বাকৃবি ভেটেরিনারি শিক্ষার্থীদের প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন: ক্লাস পরীক্ষা বর্জন
বাকৃবি প্রতিনিধি:
প্রাণিসম্পদ অধিদপ্তরের (ক্যাডার বহির্ভূত গেজেটেড কর্মকর্তা এবং নন-গেজেটেড কর্মচারি) নিয়োগ বিধিমালা ২০২৩ এ সকল পদে ডিভিএম ডিগ্রিকে অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে ২য় দিনের মত প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীরা।
বাংলাদেশ ভেটেরিনারি ছাত্রসমিতি, বাকৃবির আয়োজনে ৬ জুন (মঙ্গলবার) ১২ টার সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে এই মানববন্ধন করে ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীরা।
উক্ত মানববন্ধনে সারাদেশে প্রাণিসম্পদ বিষয়ে একক ভেটেরিনারি ডিগ্রি চালু এবং প্রকাশিত গেজেট সংশোধনের দাবি জানানো হয়। মানববন্ধন শেষে ভেটেরিনারি অনুষদের ডিন অফিসের সামনে একত্রিত হয়ে স্লোগান দিতে থাকে সাধারণ শিক্ষার্থীরা।

উল্লেখ্য যে, গত ৩০ মে প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রজ্ঞাপন জারি করা হয়। উক্ত প্রজ্ঞাপনে সম্প্রসারণ কর্মকর্তা, পোল্ট্রি ডেভেলপমেন্ট অফিসার, এনিম্যাল প্রোডাকশন কর্মকর্তা, পশুপালন কর্মকর্তা, জ্যু অফিসার পদগুলোতে ভেটেরিনারি সাইন্স এন্ড এনিম্যাল হাজবেন্ড্রি ডিগ্রী নিয়ে নিয়োগের যোগ্যতা থাকলেও ডিভিএম (ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন) ডিগ্রির কথা উল্লেখ নেই।

এর আগে গতকাল অনুষদের শিক্ষার্থীরা ক্লাস পরীক্ষা বর্জন করেন এবং বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করে।
ফলে দাবি আদায় না হওয়া পর্যন্ত সকল ক্লাস ও পরীক্ষা বর্জন চলমান রেখেছে ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীরা।

