ইতালির সাবেক প্রধানমন্ত্রী বারলুসকোনি মারা গেছেন
নিউজ ডেস্ক:
ইতালির সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বারলুসকোনি আর নেই। মৃত্যুকালে তার বয়স ছিল ৮৬ বছর।
ইতালীয় গণমাধ্যমের বরাত দিয়ে বিবিসি এই খবর জানিয়েছে।
বিবিসি বলছে, মিলানের সান রাফায়েলে হাসপাতালে সিলভিও বারলুসকোনি মারা যান। গেল এপ্রিলে ক্রনিক লিউকোমিয়ায় ফুসফুসের সংক্রমণের জন্য তার চিকিৎসা করা হয়েছিল।
বারলুসকোনির মৃত্যুর সংবাদে টুইটারে শোক প্রকাশ করেছেন ইতালির প্রতিরক্ষামন্ত্রী গুইডো ক্রসেটো। তিনি বলেন, বারলুসকোনির মৃত্যু একটি ‘বিশাল শূন্যতা’ তৈরি করেছে।
ইতালির বৃহত্তম গণমাধ্যম কোম্পানির প্রতিষ্ঠাতা বারলুসকোনি। ১৯৯৪ সালে তিনি প্রথমবার ক্ষমতায় আসেন। এরপর ২০১১ সাল পর্যন্ত চারবার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন বারলুসকোনি।
তার বিরুদ্ধে যৌন কেলেঙ্কারি ও দুর্নীতির অভিযোগ ছিল। যা দীর্ঘদিন ধরে তদন্ত করে দেশটির প্রশাসন।
ইউক্রেনে চলমান রাশিয়ার যুদ্ধের জন্য ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে দায়ী করেছিলেন ইতালির সাবেক এই প্রধানমন্ত্রী।

