৬.৪ মাত্রার ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া

নিউজ ডেস্ক:

ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে একটি ৬ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এতে একজনের মৃত্যু ও কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। ভূমিকম্পের সময় মৃত ব্যক্তিটি হার্ট অ্যাটাকে আক্রান্ত হন। দেশটির দুর্যোগ প্রশমন সংস্থার (বিএনপিবি) বরাতে রয়টার্স এ তথ্য জানিয়েছে।

শুক্রবার (৩০ জুন) দেশটির জাভা প্রদেশে ভূমিকম্পটি আঘাত হানে।

বিএনপিবির মুখপাত্র আবদুল মুহারি আজ শনিবার রয়টার্সকে বলেন, ভূমিকম্পে কেন্দ্রীয় জাভা প্রদেশ ও ইয়োগিয়াকার্তা অঞ্চলে কয়েক শ বাড়িঘরের সামান্য ক্ষতি হয়েছে। এ ছাড়া কিছু সরকারি কার্যালয়, স্বাস্থ্যকেন্দ্র ও শিক্ষাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে।

সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ২৫ কিলোমিটার গভীরে। ভূমিকম্পের জেরে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি।

প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’-এ অবস্থানের কারণে ইন্দোনেশিয়ায় প্রায়ই ভূমিকম্প অনুভূত হয় এবং অগ্ন্যুৎপাত হতে দেখা যায়।

উল্লেখ্য, ২০০৬ সালে দেশটির যোগকার্তায় ৬ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পে ৬ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়। লাখেরও বেশি মানুষ আহত হয়।

  •  
  •  
  •  
  •