বরিশাল বুলসের মালিক আজীবন নিষিদ্ধ!

ক্রিড়া প্রতিবেদক:
এশিয়া কাপের ফাইনালে মারপিটের ঘটনা ঘটিয়ে আজীবনের জন্য বহিষ্কৃত হয়েছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দল বরিশাল বুলস এর মালিক এবং এক্সজিউমস টেকনোলোজির স্বত্বাধিকারী রিজওয়ান বিন ফারুক।

ক্রিকেট সংশ্লিষ্ট সব ধরনের কর্মকাণ্ড থেকে রিজওয়ান বিন ফারুককে শনিবার বহিষ্কার করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর ডিসিপ্লিনারি কমিটি। ফলে ক্রিকেটের কোনো কর্মকাণ্ডেই অংশ নিতে পারবেন না বরিশাল বুলসের এই কর্নধার।

এশিয়া কাপের ফাইনালেই লজ্জাজনক এক ঘটনা ঘটান রিজওয়ান। এশিয়া কাপের ফাইনাল শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মঞ্চের পাশে মারামারির কাণ্ড ঘটিয়েছিলেন রিজওয়ান। এশিয়া কাপের সম্প্রচারস্বত্ব কেনা প্রতিষ্ঠান টোটাল স্পোর্টসের মার্কেটিং প্রধান মঈনুল হক চৌধুরীর গায়ে হাত তোলেন তিনি। এ সময় পাশে থাকা বিসিবি’র কয়েকজন পরিচালক এসে তাকে শান্ত করেন। এরপর দ্রুত স্টেডিয়াম ত্যাগ করেন বরিশাল বুলসের কর্নধার।

এ সময় পুরস্কার বিতরণী মঞ্চে উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন নিজেও। তিনি ছাড়াও বেশ কয়েকজন ক্রীড়া সাংবাদিক ও বিসিবির অন্যান্য পরিচালকের দৃষ্টিগোচর হয় এ ঘটনাটি। আন্তর্জাতিক ম্যাচ চলাকালীন সময়ে এমন ঘটনায় বিসিবির ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলেই তাকে আজীবনের এই নিষেধাজ্ঞা দিয়েছে বাংলাদেশ ক্রিকেটের সর্বোচ্চ এই সংস্থা।

  •  
  •  
  •  
  •  

Tags: