এশিয়া কাপের প্রথম ম্যাচ খেলছেন না লিটন
নিউজ ডেস্ক:
এশিয়া কাপ শুরুর আগে বড় ধাক্কা খেলো বাংলাদেশ। জ্বরের কারণে লিটন দলের সঙ্গী হতে পারেননি। জ্বর কিছুটা কমলেও শারীরিক দুর্বলতা রয়ে গেছে। ফলে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে খেলবেন না এই ওপেনার। তামিম ইকবাল না থাকায় ওপেনিংয়ে বাংলাদেশ দলের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার ছিলেন তিনি।
বুধবার শুরু হচ্ছে এশিয়া কাপের লড়াই। বৃহস্পতিবার শ্রীলঙ্কার ক্যান্ডিতে স্বাগতিকদের বিপক্ষে খেলবে সাকিব আল হাসানের দল। জ্বর ভালো না হওয়ায় মঙ্গলবারও রওনা দিতে পারেননি লিটন।
বিসিবির পক্ষ থেকে বিভিন্ন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। আপাতত লিটনের বিকল্প হিসেবে দলে কাউকে ডাকার পরিকল্পনা করেনি বিসিবি।
বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরি জানিয়েছেন, লিটনের জ্বরের অবস্থার খুব একটা উন্নতি হয়নি। তিনি জানিয়েছেন, আজকেও লিটন দাসের জ্বর ১০০ ডিগ্রি সেলসিয়াস ছিল। সে কারণেই লিটনের আবার ডেঙ্গু টেস্ট করানো হয়েছিল। তবে ফল নেগেটিভ এসেছে। তবে ডেঙ্গুর শঙ্কা উড়িয়েও দিচ্ছে না বিসিবি। তাই লিটনের বেলায় আরো অপেক্ষা করতে চায় সংশ্লিষ্টরা।

