শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত মরক্কো, নিহত প্রায় ৩০০

নিউজ ডেস্ক:

মরক্কোয় স্থানীয় সময় শুক্রবার (৮ সেপ্টেম্বর) রাতে ছয় দশমিক আট মাত্রার শক্তিশালী ভুমিকম্প আঘাত হেনেছে। এতে অন্তত ৩০০ জন নিহত হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। সেই সঙ্গে দেশটির বহু বাসিন্দাকে রাস্তায় রাত কাটাতে হয়েছে। স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে এ খবর নিশ্চিত করেছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ ইউএসজিএস বলেছে, দেশটির স্থানীয় সময় রাত ১১ টার কিছুক্ষণ পরে আটলাস পর্বতে ভূমিকম্পটি আঘাত হানে। এর গভীরতা ছিল ১৮ দশমিক ৫ কিলোমিটার। এর কেন্দ্রস্থল মারাকাশের প্রায় ৭২  কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে।

ইউএসজিএস-এর তথ্যানুযায়ী, এক শতাব্দীরও বেশি সময়ের মধ্যে মরক্কোতে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প এটি। ১৯০০ সালের পর সেখানে ৬ মাত্রার কোনও ভূমিকম্প আঘাত হানেনি।

ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পুরাতন মারাখেস শহর। সেখানে অসংখ্য বাড়ি-ঘর ধসে পড়েছে। আর পুরাতন এই শহরটিতেই সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে। শহরটি ভূমিকম্পের উৎপত্তিস্থলের খুব কাছে অবস্থিত।

রাষ্ট্র পরিচালিত আল-আউলা টেলিভিশন দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে, রিপোর্ট প্রচার হওয়া পর্যন্ত ভূমিকম্পে অন্তত ২৯৬ জন নিহত ও ১৫৩ আহত হওয়ার খবর পাওয়া গেছে।

  •  
  •  
  •  
  •