বাকৃবির কেবি কলেজে দীক্ষা পেলেন ৫০ রোভার
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ক্যাম্পাসে অবস্থিত কৃষি বিশ্ববিদ্যালয় কলেজের (কেবি কলেজ) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের রোভার স্কাউট ইউনিটের দীক্ষা প্রদান অনুষ্ঠান আয়োজিত হয়েছে। দিনব্যাপী নানা কার্যক্রম শেষে প্রায় ৫০ জন রোভার স্কাউট শিক্ষার্থীকে আনুষ্ঠানিকভাবে দীক্ষা প্রদান করা হয়।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকাল সাড়ে ৩টায় কলেজ প্রাঙ্গণে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান এবং বাকৃবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার এবং সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ ড. মো. আতাউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবির পশু প্রজনন ও কৌলিবিজ্ঞান বিভাগের অধ্যাপক এবং কলেজের গভর্নিং বডির সদস্য ড. মো. সামছুল আলম ভূঁঞা। প্রধান স্কাউট ব্যক্তিত্ব হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবি রোভার স্কাউট গ্রুপের গ্রুপ সম্পাদক এবং ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন) ড. মোঃ জহিরুল আলম।
প্রধান অতিথি অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার তার বক্তব্যে বলেন, “আজকের এই দীক্ষা গ্রহণের মাধ্যমে তোমরা দেশ সেবার এক মহান ব্রত গ্রহণ করলে। স্কাউটিং কেবল একটি কার্যক্রম নয়, এটি জীবন গড়ার একটি অনন্য পাঠশালা যা তোমাদের শৃঙ্খলা ও পরোপকারী হতে শেখায়। আমি আশা করি, এই দীক্ষা তোমাদের ব্যক্তিজীবন থেকে শুরু করে জাতীয় পর্যায়ে একনিষ্ঠ সেবক হিসেবে গড়ে তুলবে। তোমাদের হাত ধরেই ভবিষ্যতে একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ সম্ভব হবে। সব সময় মনে রাখবে, সততা এবং কঠোর পরিশ্রমই তোমাদের সাফল্যের চাবিকাঠি।”
অধ্যাপক ড. মো. সামছুল আলম ভূঁঞা বলেন, “রোভার স্কাউটিংয়ের মূলমন্ত্রই হলো ‘সেবা’, আর সেই দীক্ষায় আজ তোমরা দীক্ষিত হয়েছ। একজন সুনাগরিক হিসেবে গড়ে ওঠার জন্য একাডেমিক শিক্ষার পাশাপাশি এই ধরণের সহ-শিক্ষা কার্যক্রম অত্যন্ত জরুরি। তোমরা যদি নিষ্ঠার সাথে স্কাউটের নিয়মাবলী মেনে চলো, তবে যে কোনো প্রতিকূল পরিবেশে নিজেদের মানিয়ে নিতে পারবে। আমি বিশ্বাস করি, কৃষি বিশ্ববিদ্যালয় কলেজের এই নবীন রোভাররা সমাজ সংস্কার ও মানবিক কর্মকাণ্ডে অগ্রণী ভূমিকা পালন করবে। তোমাদের ভবিষ্যৎ পথচলা আরও সাফল্যমণ্ডিত ও সেবার মহিমায় উজ্জ্বল হোক।”
আসিফ/এসবি







