রওশনকে জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান ঘোষণা
সনজিৎ কুমার মহন্ত, রংপুর:
জাতীয় পার্টি এক জাতীয় পার্টিকে কোন ষড়যন্ত্র করে ভাঙ্গা যাবে না, আমি এই দিনটির অপেক্ষায় ছিলাম। আমার স্ত্রীর সঙ্গেও আমার কোন বিভেদ নেই। আমরা মামা-ভাগনা (এরশাদ-রাঙ্গা) এক হবো, আমাদের মধ্যে কোন বিভেদ নেই। আমার মৃত্যুর পর আমার স্ত্রী যদি দলের দায়িত্ব নিতে চায় তাতে আমি খুশি, আমার স্ত্রী আমাকে বলেছে আমি তো আর রাজনীতি করবো না, আমাকে সম্মান দিও আমি ঘোষণা দিলাম আমার স্ত্রী আজ থেকে দলের সিনিয়র কো-চেয়ারম্যান। এ সময় এরশাদ আরো বলেন, আমি সব ধর্ম ভিত্তিক দলকে আহবান জানাচ্ছি আসুন আমরা ঐক্য গড়ে তুলি। বর্তমান সরকার সুষ্ঠু নির্বাচন করতে ব্যর্থ হয়েছে তারপরেও আমরা নির্বাচনে আছি। আগামীতে সকল ভেদাভেদ ভুলে আমাদের প্রার্থীদের নির্বাচিত করতে হবে। এ সময় নেতা-কর্মীদের উদ্দেশ্যে এরশাদ বলেন, আগামী এ উপজেলার সবকটি ইউপিতে আমরা জিততে না পারি, তাহলে আমাদের মান সম্মান থাকবে না। ঢাকায় মুখ দেখাতে পারবো না। এ সময় এরশাদ বলেন, আমার সময় দেশে উন্নয়ন হয়েছে। এখন দেশের মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। চলছে গুম ও খুন। আমি রাষ্ট্রপতি থাকা কালীন দেশের সব মসজিদ, মাদ্রাসার বিদ্যুৎ বিল মাফ করে দিয়েছিলাম। এ সময় এরশাদ দুঃখ করে বলেন, গ্যাসের অভাবে রংপুরে কোন শিল্প করখানা গড়ে উঠে নাই। কোন সরকারেই রংপুর উন্নয়নে কোন কাজ করে নাই। এ সময় খালেদাকে উদ্দেশ্য করে বলেন যে, দলটি আমাকে ছয় বছর জেলে রেখেছিল। তারা আজ ধ্বংসের পথে। আমাকে জেলখানায় অনেক নির্যাতন করা হয়েছে। আমার স্ত্রী আমার চিকিৎসার জন্য অনশন করেছে। গতকাল বিকালে রংপুরের গঙ্গাচড়ায় উপজেলা জাতীয় পার্টির আয়োজিত জনসভায় উপরোক্ত কথাগুলো বলেন, জাতীয় পার্টির চেয়ারম্যান আলহাজ্ব হুসাইন মুহাম্মদ এরশাদ। উপজেলা পরিষদ মাঠে উপজেলা জাতীয় পার্টির সভাপতি আলহাজ্ব সামসুল আলমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও স্থানীয় সরকার প্রতিমন্ত্রী আলহাজ্ব মসিউর রহমান রাঙ্গা, বিরোধী দলীয় চীপ হুইপ শওকত হোসেন চৌধুরী এমপি, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ। জনসভা উপলক্ষ্যে বিভিন্ন ইউনিয়ন থেকে জাতীয় পার্টির নেতা-কর্মীরা দুপুরের পর থেকে উপজেলা পরিষদ মাঠে দলে দলে মিছিল নিয়ে আসতে শুরু করে। এ সময় জাতীয় পার্টির নেতা-কর্মী ও সমর্থনরা আগামী সংসদ নির্বাচনে বর্তমান সংসদ সদস্য আলহাজ্ব মসিউর রহমান রাঙ্গা পুনরায় এ আসনের এমপি হিসেবে মনোনয়ন দেওয়ার জন্য দাবি জানান।

