ভারত সফর সেপ্টেম্বরে, ওয়ানডেও খেলবেন মাশরাফিরা
খেলাধুলা ডেস্ক:
ভারত সফরটা হওয়ার কথা ছিলো আগস্ট মাসে। মাশরাফি বিন মুর্তজাদের একমাত্র টেস্টের সেই সফর পিছিয়েছে। পরিবর্তিত সময় অনুযায়ী, সেপ্টেম্বরে সেখানে যাবে বাংলাদেশ। সময় পেছানো হলেও, রয়েছে সুখবর। টেস্টের সঙ্গে যোগ হচ্ছে ওয়ানডে ম্যাচও।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক সূত্র জানিয়েছে,সফরটি আর এক টেস্টের থাকছে না। টেস্টের সঙ্গে ওয়ানডে ম্যাচও যোগ হবে।
তবে কয়টি ওয়ানডে যোগ হতে পারে সে ব্যাপারে এখনো কিছু জানা যায়নি। একটি দৈনিকে ওই সূত্র বলেছেন, ‘এখন এসব নিয়েই বিসিসিআই কাজ করছে। আমরা বলেছি ওয়ানডে ম্যাচ যোগ করতে। এখন তারাই ঠিক করবে এটি দ্বিপাক্ষিক সিরিজ হবে নাকি আর কোনো দল খেলবে।’
এর আগে গত সোমবার বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছিলেন, আগামী ৮-১০ দিনের মধ্যেই ভারত সফরের সূচি ও ভেন্যু চূড়ান্ত করা হবে।
জানিয়ে রাখা ভালো, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জুলাই-আগস্টে ভারত চার টেস্টের সিরিজ খেলবে। সে কারণেই আলোচনা করে বিসিসিআই ও বিসিবি ভারতে বাংলাদেশের সফর একমাস পিছয়ে সেপ্টেম্বরে নিয়ে আসে।

