অবশেষে পাওয়া গেল সাকিব-কন্যা অব্রির ছবি

খেলাধুলা ডেস্ক:
একমাত্র কন্যার বয়স ছয়মাস হলো। যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া সাকিব আল হাসান কন্যা আলায়না হাসান অব্রির দেখা মেলেনি এতোদিন। লাখো সমর্থক উৎসুক ছিল তাকে এক নজর দেখার জন্য। সাকিব নিজেই জানিয়েছিলেন, ফেব্রুয়ারিতেই দেখা মিলবে তাদের রাজকন্যার।

তবে ফেব্রুয়ারিতে না হলেও, মে মাসে দেখা পাওয়া গেল সাকিব-কন্যার ছবি। অব্রির ছবি দেখালেন সাকিব নিজেই। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে রোববার সন্ধ্যায় সাকিব তার অফিশিয়াল ফ্যান পেজে কন্যা অব্রির ছবি পোস্ট করেন।

ফেসবুক পোস্টে সাকিব লেখেন, ‘নভেম্বর ৮, ২০১৫- আজ থেকে ঠিক ৬ মাস আগে আমাদের রাজকন্যা এই পৃথিবীতে আসে। ঠিক যে মুহূর্তে তার জন্ম হয়, ঠিক সেই মুহূর্তে আমার বাবা হিসেবে জন্ম হয় এবং আমার স্ত্রীর জন্ম হয় একজন মা হিসেবে। আমাদের পুরো পৃথিবীটাই যেন বদলে যায়। আমরা আজকের দিনের চেয়ে শুভ কোন দিন ভাবতে পারিনা যখন আমাদের মেয়ে আলায়না হাসান অব্রি, যে কিনা আমাদের পৃথিবী- আমাদের সবকিছু, তাকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিতে পেরে। আমরা সকলের কাছে তার জন্য দোয়াপ্রার্থী, সে যাতে একজন উঁচু মাপের মানুষ হতে পারে।’
এর আগে, দীর্ঘদিনের প্রেমের পর ২০১২ সালের ১২ ডিসেম্বর যুক্তরাষ্ট্র প্রবাসী শিশিরের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন সাকিব। গেল বছরের ২৭ জুলাই জানা গিয়েছিল, বাবা-মা হতে চলেছেন এই দম্পতি। তখন থেকে তাদের সাথে সাথে তাদের ভক্ত-সমর্থকরাও প্রতীক্ষার প্রহর গুনছিল। এরপর গেল বছরেরই নভেম্বরের আট তারিখ পৃথিবীর আলো দেখে সাকিব কন্যা আলায়না হাসান অব্রি।

  •  
  •  
  •  
  •  

Tags: