নিজামীর ফাঁসি: বাংলাদেশ থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করল তুরস্ক
আন্তর্জাতিক ডেস্ক:
জামায়াতে ইসলামীর প্রধান মতিউর রহমান নিজামীকে ফাঁসি দেওয়ার পর তুরস্ক বাংলাদেশ থেকে তাদের রাষ্ট্রদূতকে প্রত্যাহার করেছে। তুরস্কের প্রেসিডেন্ট রেচেপ তাইয়িপ এরদোয়ানকে উদ্ধৃত করে বার্তা সংস্থা রয়টার্স এ খবর দিচ্ছে।
১৯৭১ সালের স্বাধীনতাযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের দায়ে মতিউর রহমান নিজামীর মৃত্যুদন্ড কার্যকর করা হয় গত মঙ্গলবার।
বাংলাদেশ যুদ্ধাপরাধীদের বিচার শুরু করার পর থেকে যেসব দেশ এর বিরুদ্ধে অবস্থান নেয় তুরস্ক তার অন্যতম।
এর আগে তুরস্কের সাবেক প্রেসিডেন্ট আহমেত গুল বাংলাদেশের প্রেসিডেন্টের কাছে চিঠি লিখেছিলেন জামায়াতের সাবেক আমীর গোলাম আযমকে যেন ফাঁসির দণ্ড দেওয়া না হয় তার অনুরোধ জানিয়ে।
মতিউর রহমান নিজামীকে ফাঁসি দেয়ার প্রতিবাদে তুরস্কে কয়েকটি বিক্ষোভও হয়। তুরস্ক এবং অন্য কিছু দেশ বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ আদালতের বিচারের মান নিয়ে প্রশ্ন তোলে। তবে বাংলাদেশ সরকার এসব অভিযোগ প্রত্যাখ্যান করে।

