৫ টাকায় ৩ কেজি মুলা!
ঠাকুরগাঁও সংবাদদাতা:
শস্য ভাণ্ডার হিসেবে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা বেশ পরিচিত। এ উপজেলা থেকে এলাকার চাহিদা পুরণ করে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় মূলা সরবরাহ হয়ে থাকে। আর এই রাণীশংকৈলেই এখন ১ কাপ চায়ের দামে পাওয়া যাচ্ছে ৩ কেজি মুলা। এর ফলে ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন অসহায় কৃষকরা।
রানীশংকৈল উপজেলায় ২ টাকা কেজি দরে মুলা বিক্রি হচ্ছে। আর এক সাথে ৩ কেজি মুলা কিনলে তা ৫ টাকায় পাওয়া যাচ্ছে। অথচ এক কাপ চায়ের মূল্যও ৫ টাকা।
কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, তারা মূলা আবাদ করে বিপাকে পড়েছেন তারা। অনেকে ধার-দেনা করে, চড়া সুদে কৃষি ঋণ, এনজিও ঋণসহ বিভিন্ন কায়দায় ঋণ গ্রহণ করে চাষাবাদ করেছেন। আর এখন মূলার ন্যায্য মূল্য না পাওয়ায় দায়ের বোঝাটা অনেক বড় হয়ে গেছে তাদের কাছে।
এ বিষয়ে উপজেলার মুলা চাষী আ. জলিল বলেন, এবার মুলার দাম বেশি না থাকায় এক একর জমিতে মুলা চাষ করে লোকসানের হিসেব গুনতে হচ্ছে। কীভাবে যে এই লোকসান সামলাবো বুঝতে পারছি না।

