কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির মানববন্ধন

এস এম জোবায়ের, কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
নারায়ণগঞ্জে স্কুলের প্রধান শিক্ষককে কানধরে ওঠবস করানো ও লাঞ্ছনার প্রতিবাদে মানববন্ধন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।

বৃহস্পতিবার দুপুর ১টার সময় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে বৃষ্টিকে উপেক্ষা করেই এই মানববন্ধন কর্মসূচি পালন করেন শিক্ষকদের এই সংগঠন।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় ট্রেজারার প্রফেসর কুন্ডু গোপীদাস, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি মো: আইনুল হক, সাধারণ সম্পাদক ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল হাছান, সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক মুহাম্মদ রেজাউল ইসলাম।

এছাড়াও সদস্যদের মধ্যে মেহেদী হাসান, মো: এমদাদুল হক, মো: হাসান হাফিজুর রহমানসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, ডিন, শিক্ষকও ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন। শিক্ষক সমিতির এই মানববন্ধনে একাত্বতা প্রকাশ করেন বঙ্গবন্ধু পরিষদের নেতাকর্মীরা।

এসময় সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা নারায়ণগঞ্জের বন্দর উপজেলার পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে নির্যাতন ও লাঞ্ছনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। এরই সাথে ঘটনার সাথে জড়িতদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

উল্লেখ্য, গত ১৩ মে, শুক্রবার শ্রেণিকক্ষে ধর্ম নিয়ে কটুক্তির অভিযোগে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে মারধর ও কান ধরে উঠবস করানোর ঘটনা ঘটে। এরপরই সারাদেশে এ নিয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদের ঝড় উঠে।

  •  
  •  
  •  
  •