কৃষিখাতে ভর্তুকী অব্যাহত থাকবে
নিজস্ব প্রতিবেদক:
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, আগামী বাজেটে কৃষিখাতে ভর্তুকি অব্যাহত থাকবে। তবে ভর্তুকি এবার বাড়বে না কমবে সেটা বলা যাচ্ছে না। এটা নির্ভর করছে পরিস্থিতির ওপর। আন্তর্জাতিক বাজারে সারের মূল্য বাড়লে ভর্তুকি বাড়তে পারে, আবার কমলে ভর্তুকি কমতেও পারে।
মঙ্গলবার সন্ধ্যায় সচিবালয়ে চ্যানেল আই-এর ‘হূদয়ে মাটি ও মানুষ’ অনুষ্ঠানের পক্ষ থেকে ‘কৃষি বাজেট কৃষকের বাজেট’ শীর্ষক এক প্রাক-বাজেট আলোচনায় তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে কৃষকদের জন্য ৪৫ দফা সুপারিশমালা উপস্থাপন করেন কৃষি উন্নয়ন ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ।
এ সময় অর্থমন্ত্রী বলেন, খাদ্য উত্পাদনে ঘাটতি থেকে আমরা এখন খাদ্য উদ্বৃত্তের দেশে পরিণত হয়েছি। এটা অনেক বড় পরিবর্তন। এর ফলে খাদ্য ও কৃষি ব্যবস্থা দুটোকেই এখন নতুন করে ঢেলে সাজাতে হবে। তবে এতে সময় লাগবে। তিনি আরো বলেন, উদ্বৃত্ত দেশ হিসেবে কৃষিখাতে ভর্তুকি হয়তো আগের চেয়ে বাড়াতে হবে।
চিনি শিল্প ও চিনিকল প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, আখ চাষকে আমি নিরুত্সাহিত করছি। দেশ থেকে আখ চাষ ক্রমশঃ উঠিয়ে দেয়া হবে। কারণ আখ চাষে সময় লাগে ৮ মাস। এ সময় মিলগুলো বন্ধ থাকে। অন্যদিকে অভ্যন্তরীণ বাজারে চিনির মূল্য ৪৫ টাকা, আর আমদানিকৃত চিনির মূল্য হচ্ছে ২০ থেকে ২৫ টাকা। বর্তমানে ১৫টি চিনিকল রয়েছে। এরা ছাড়া চিনির বিষয়ে কারো কোনো আগ্রহ নেই। বিভিন্ন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, চলতি অর্থবছরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি। রাজস্ব আদায় পরিস্থিতিও কম। সুতরাং আগামী বাজেটে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা হবে উচ্চাভিলাষী।

