সিরিয়ায় বিমান হামলায় নিহত ২৩

আন্তর্জাতিক ডেস্ক:

সিরিয়ায় বিদ্রোহীদের দখলে থাকা শহর ইদলিবে রাশিয়ার বোমা হামলায় কমপক্ষে ২৩ জন নিহত। রোববার রাতে এ হামলার ঘটনা ঘটে বলে উত্তর-পশ্চিম সিরিয়ার অধিকারকর্মীদের বরাত দিয়ে সংবাদ দিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি।

সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, হামলার সময় বেশ কয়েকটি স্থানকে টার্গেট করা হয়, এর মধ্যে একটি ছিল হাসপাতালের পাশের একটি স্থান।

যুক্তরাজ্য ভিত্তিক ওই মানবাধিকার সংস্থাটি আরও জানায়, নিহতদের মধ্যে সাতজন শিশু এবং নিহতদের সংখ্যা আরও বাড়তে পারে।

সংস্থাটি আরও জানায়, কয়েকটি আবাসিক এলাকা এবং একটি পাবলিক গার্ডেনে তিনটি হামলা চালানো হয়।

ছবিতে ক্ষতিগ্রস্থ ভবন এবং হতাহতদের উদ্ধারে কাজ করতে দেখা গেছে।

আল-কায়েদার সঙ্গে সংযুক্ত নুসা ফ্রন্টের সক্রিয় অবস্থান রয়েছে ইদলিব প্রদেশে।

  •  
  •  
  •  
  •