বান্দরবানে আবারও সড়ক ও নৌপথ অবরোধ

বান্দরবান প্রতিনিধি:
বান্দরবানে আওয়ামী লীগ নেতা মংপু মারমাকে অপহরণের প্রতিবাদে আবারও অনির্দিষ্টকালের জন্য সড়ক ও নৌপথ অবরোধ ডাক দিয়েছে জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা।

গতকাল শুক্রবার ও আজ শনিবার অবরোধ কর্মসূচি সমায়িক স্থগিত রাখা হলেও রোববার (১৯ জুন) থেকে পুনরায় অনির্দিষ্টকালের সড়ক ও নৌপথ অবরোধের ঘোষণা দেওয়া হয়।

শনিবার দুপুরে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন দলটির সিনিয়র নেতারা।

বান্দরবান জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবদুর রহিম চৌধুরী জানান, মংপুকে মুক্তি না দেওয়া পর্যন্ত বান্দরবান সদর, রোয়াংছড়ি, রুমা ও থানচিতে অবরোধ চলবে। তবে, রমজানের কারণে সব ধরনের দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান অবরোধের আওতামুক্ত রাখা হবে।

সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ নেতারা জানান, অপহৃত আওয়ামী লীগ নেতা মংপু মারমাকে মুক্তি না দেওয়া পর্যন্ত বান্দরবানের রুমা, রোয়াংছড়ি, থানছি উপজেলা সড়কসহ অভ্যন্তরীণ বাঘমারা, কুহালং, রাজবিলা কিবুকপাড়া সড়ক ও সাঙ্গু নদী পথে এ অবরোধ কর্মসূচি পালন করা হবে।

গত মঙ্গলবার (১৪ জুন) রাতে বান্দরবান সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মংপু মারমাকে বান্দরবান সদরের জামছড়ি মুখ এলাকা থেকে অপহরণ করে সন্ত্রাসীরা। এরপর থেকে মংপুকে উদ্ধারের জন্য পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা অভিযানে অব্যাহত রেখেছে।
এদিকে, ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে জনসংহতি সমিতির সন্ত্রাসীরা মংপু মারমাকে অপহরণ করেছে বলে দাবি করেছে জেলা আওয়ামী লীগ।

  •  
  •  
  •  
  •