লালপুর শিক্ষা অফিসারের বিরুদ্ধে সাত লক্ষাধিক টাকা আত্মসাতের অভিযোগ
নাটোর ও লালপুর প্রতিনিধি:
সরকারী প্রাথমিক বিদ্যালয় ভিত্তিক উন্নয়ন পরিকল্পনা প্রনয়ণ এবং তা বাস্তবায়ন (স্লিপ) কার্যক্রমের ৪০হাজার টাকা ছাড় করতে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আশরাফুল ইসলাম উপজেলার সবকটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছ থেকে ৭হাজার টাকা করে প্রায় সাত লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
জানা যায়, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পত্র যার স্মারক নং- ৩৮.০০০.০০০১১৯.০১৪.০১.১০৫০/৫৮২ তারিখ ২২ ফেব্রুয়ারী ২০১৬ এর নির্দেশনা মোতাবেক শতভাগ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে স্লিপ কার্যক্রম সম্প্রসারণের নিমিত্তে ২০১৫-১৬ অর্থ বছরে বিদ্যালয় প্রতি ৪০ হাজার টাকা বরাদ্দ দেয়া হয়। লালপুর উপজেলার মোট ১০৮টি শিক্ষা প্রতিষ্ঠানের বরাদ্দকৃত মোট ৪৩ লক্ষ ২০ হাজার টাকা ছাড় করাতে প্রতিটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নিকট থেকে ৭ হাজার টাকা করে সর্বমোট ৭ লক্ষ ৫৬ হাজার টাকা হাতিয়ে নিয়েছেন উপজেলা শিক্ষা অফিসার। নাম প্রকাশ না করার শর্তে একাধিক প্রধান শিক্ষক জানান, উপজেলা শিক্ষা অফিসার আশরাফুল আলম টাকা ছাড় করণের আগেই তাদের কাছ থেকে নগদ ৭ হাজার টাকা গ্রহণ করেন।
এ প্রসঙ্গে লালপুর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আনোয়ার হোসেন বলেন, ভিতরে ভিতরে অনেক ঘটনা ঘটে, কেউ স্বাক্ষি দিতে চাই না। তাই এ ব্যাপারে আমার কোন মন্তব্য নেই।
এ ব্যাপারে অভিযুক্ত উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুল ইসলাম বলেন, কাজ করলে দুই একজন এমন কথা বলবেই, তারা যা বলছে তা বানোয়াট এর কোন ভিত্তি নেই।

