১৬ জুলাই সারাদেশে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন
নিজস্ব প্রতিবেদক:
আগামী শনিবার (১৬ জুলাই) সারাদেশে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদযাপন করা হবে। এদিন ৬-১১ মাস বয়সী সব শিশুকে নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। আর ১২-৫৯ মাস বয়সী শিশুদের একটি লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।
এ কর্মসূচির আওতায় সারাদেশের প্রায় ২ কোটিরও বেশি শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। ওইদিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সারাদেশের ২০ হাজার স্থায়ী এবং ২০ হাজার অস্থায়ী কেন্দ্রে (বাসস্ট্যান্ড, লঞ্চঘাট, রেল স্টেশন, বাজার) শিশুদের এ ক্যাপসুল খাওয়ানো হবে। এ বিশাল কর্মযজ্ঞে সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ৪ লাখ ২০ হাজার কর্মী অংশ নেবেন।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বৃহস্পতিবার এ কর্মসূচির সম্পর্কে সংবাদ সম্মেলন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী জাহিদ মালিক। এসময় স্বাস্থ্য সচিব মঞ্জুরুল করিমসহ সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন সেখানে।
এ সময় প্রতিমন্ত্রী বলেন, ভিটামিন ‘এ’র অভাবে রাতকানা রোগের প্রার্দুভাব এবং শিশুদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির মাধ্যমে অপুষ্টিজনিত কারণে মৃত্যু প্রতিরোধ করাই এই কর্মসূচির উদ্দেশ্য। এই ক্যাপসুলের কোনও বিরুপ প্রতিক্রিয়া নেই। কোনও গুজবে কান না দিয়ে এবং বিভ্রান্ত না হয়ে সব অভিভাবককে তাদের সন্তাদের নিয়ে টিকাদান কেন্দ্রে আসার অনুরোধ জানাচ্ছি সরকারের পক্ষ থেকে।
তিনি আরও বলেন, ১৬ তারিখ সেসব শিশু বাদ পড়বে তাদের জন্য আগামী ৪ কর্মদিবসে স্বাস্থ্য বিভাগের কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে তাদের এ ক্যাপসুল খাওয়াবে। ডেনমার্ক থেকে আনা উচ্চমানে এ ক্যাপসুল বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) কর্তৃক অনুমোদিত উন্নতমানের ক্যাপসুল।

