গ্রীসে রাজনৈতিক আশ্রয় চেয়েছেন অভ্যুত্থান চেষ্টাকারী তুর্কি সেনারা

আন্তর্জাতিক ডেস্ক:
হেলিকপ্টারে করে গ্রীসের উত্তরাঞ্চলে অবতরণ করে তুরস্কের অভ্যুত্থান চেষ্টাকারী কিছু সেনাকর্মকর্তা দেশটিতে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করেছেন।

স্থানীয় প্রতিবেদনে বলা হয়েছে, রাজনৈতিক আশ্রয় প্রার্থনাকারী সেনারা শুক্রবার রাতে তুরস্কে অভ্যুত্থান চেষ্টাকারী সেনাসদস্য।

গ্রীসের প্রতিরক্ষা মন্ত্রনালয় ঘটনায় সত্যতা জানিয়ে বলেছে, সাতজন সেনাসদস্য এবং একজন বেসামরিক নাগরিক ব্ল্যাকহক মিলিটারি হেলিকপ্টারে করে আলেক্সান্ডারোপলিতে অবতরণ করে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করেছেন।

তবে অবৈধভাবে দেশে প্রবেশের জন্য আটজনকেই আটক করা হয়েছে।

এই আটজনকে তুরস্কে ফিরিয়ে দেওয়ার আহবান জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মেভ্লুট কেভুসগ্লু।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, যেসব বিশ্বাসঘাতক সেনাকর্মকর্তা হেলিকপ্টারে করে গ্রীসে গেছেন আমরা তাদের ফিরিয়ে দেওয়ার আহবান জানাচ্ছি।

এক প্রতিরক্ষা বিশেষজ্ঞ বলেছেন, গ্রীসে গিয়ে তুরস্কের কোনো সেনাকর্মকর্তার রাজনৈতিক আশ্রয় চাওয়ার ঘটনা এটাই প্রথম।

  •  
  •  
  •  
  •