মেহেরপুরে জনপ্রিয় হচ্ছে মাদ্রাজি ওল চাষ
মেহেরপুর সংবাদাতা:
মেহেরপুরে বাণিজ্যিক ভিত্তিতে চাষ হচ্ছে মাদ্রাজি ওল। পতিত ও বেলে-দোঁয়াশ মাটিতে এই ওলের চাষ করে আর্থিকভাবে বেশি লাভ হচ্ছেন চাষিরা। ফলে জেলায় দিন দিন বাড়ছে এই জাতের ওল চাষ।
বিঘা প্রতি ২০-২৫ হাজার টাকা খরচ করে ৭০-৮০ হাজার টাকা পর্যন্ত আয় করছেন চাষিরা। প্রতিটি গাছ থেকে ৮-১০ কেজি ওল পাচ্ছেন তারা। বাজারমূল্যও পাচ্ছেন ভালো।
সদর উপজেলার রাজনগর গ্রামের জাহাঙ্গির হোসেন বাসসকে জানান, তিনি গতবছর দেড় বিঘা জমিতে এই জাতের ওল চাষ করে এক লাখ টাকা ঘরে তুলেছেন। এবছর চার বিঘা জমিতে ওল চাষ করেছেন। আশা করছেন ৩ লাখ টাকার বেচা-কেনা হবে।
সদর উপজেলার আমঝুপি গ্রামের ওল চাষি ফয়েজ উদ্দীন জানান, ওল বিক্রির পাশাপাশি শুধু বীজ বিক্রি করেই তিনি ২৫ হাজার টাকা আয় করেছেন। প্রতিমণ বীজ এক হাজার থেকে এক হাজার দুই’শ টাকায় বিক্রি করেছেন তিনি।
সদর উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের ওলচাষি মোস্তফা মোস্ত জানান, তিনি পারিবারিক চাহিদা মেটাতে ওলচাষ শুরু করেন বছর পাঁচেক আগে। সুস্বাদু ও চাহিদার কারণে তিনি এ বছর বানিজ্যিক ভিত্তিতে ১০ কাটা জমিতে আবাদ করেছেন। তিনি আগামীবছর আরও দুইবিঘা জমিতে চাষ করবেন বলে আশা করছেন।
গত কয়েক বছর ধরে মেহেরপুর জেলায় চাষ হচ্ছে মাদ্রাজি ওল। এবার আবহাওয়া ভাল থাকায় প্রতিটি গাছ থেকে ৭-১৫ কেজি পর্যন্ত ওলের ফলন পাচ্ছে চাষি। এছাড়া বাজারে চাহিদার পাশাপশি দামও ভাল। বাজারে এই ওল প্রতি কেজি ৩০-৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এই আবাদে বেশি লাভ হওয়ায় জেলায় দিন দিন বাড়ছে এই জাতের ওল চাষ।
সূত্র: বাসস

